শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারল মেয়েরা

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

গতকাল তৃতীয় ও শেষ ম্যাচে অতিথিদের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে হেরেও শেষ পর্যন্ত ২-১-এ সিরিজ জিতে নিল সিংহলিজ মেয়েরা।

আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১৩ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। সোবহানা মোস্তারি ৮০ বলে ৮ বাউন্ডারিতে ৭৪, নিগার সুলতানা ৯০ বলে ১ বাউন্ডারিতে ৪০ ও শারমিন আক্তার ৩৬ বলে ২৫ রান করেন। এছাড়া ১৬ বলে ২০ রান করেন রিতু মনি। শ্রীলংকার কাবিশা দিলহারি ৪৮ বলে ৩টি ও নিমাশা মীপেজ ৪০ রানে ২টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে হাসিনি পেরেরার ব্যাটে ভর করে জিতেছে শ্রীলংকা। হাসিনি ১৩১ বলে ১৩ বাউন্ডারিতে ৯৫ রান করে মোস্তারির শিকার হন। এছাড়া চামারি আতাপাত্তু ৭৯ বলে ৫৬ ও হরষিতা সামারাবিক্রমা ৫১ বলে ৪৪ রান করেন। মারুফা আক্তার ৪৯ রানে ২টি ও মোস্তারি ১২ রানে ১টি উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন হাসিনি পেরেরা। ১১৬ রান করে ইমেশা দুলানি হয়েছেন সিরিজসেরা খেলোয়াড়।

এবার দুই দল সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ম্যাচগুলো যথাক্রমে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। প্রতিটি ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়।

আরও