আজ থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে জামায়াতের আমির লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।‘
ক্রিকেটারদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সঙ্গে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।‘
পোস্টের শেষ অংশে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব, শক্তি, সম্মান নিয়ে।‘