আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে নামবেন না লিওনেল মেসি। জাতীয় দলকে বিদায় জানানোর মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। মাইক হাতে নিয়ে দীর্ঘ বক্তব্যে সতীর্থ, কোচ, সমর্থক ও আর্জেন্টিনার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বারবার উঠে আসে স্মৃতি, ভালোবাসা ও বিদায়ের বেদনা। যদিও মাইক হাতে যখন শুরুটা করছিলেন তখন তার মুখে চওড়া হাসি। পরে একপর্যায়ে ভিজে ওঠে চোখের কোণ।
মেসি বলেন, ‘আজকের দিনে কিছু বলা সত্যিই কঠিন। অনেক আবেগ, অনেক স্মৃতি মনের ভেতর ভিড় করে আসছে। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এ জার্সির প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক সম্মানের বিষয় ছিল। কঠিনতম মুহূর্তেও আমি কখনো লড়াই বন্ধ করিনি, নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি।’
জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে উল্লেখ করে মেসি বলেন, ‘যদিও মন চায় আজীবন এখানেই থেকে যাই, তবে আমার মনে হচ্ছে এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাঠ মাতানো একজন ফুটবলারের জীবনের সবচেয়ে দারুণ অনুভূতি।’
সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের কারণেই শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের স্মৃতিও তুলে ধরেন তিনি। মেসির ভাষায়, ‘মাঠ এবং মাঠের বাইরে তাদের সঙ্গে মুহূর্তগুলো ভাগ করে নেয়া ছিল আমার জীবনের বড় এক প্রাপ্তি।’
আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান মেসি। দেশের বিভিন্ন প্রান্তে সমর্থকদের ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, যেখানেই খেলেছেন, গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল এবং সবসময় নিজেদের ঘরের মাঠে খেলার অনুভূতি পেয়েছেন।
বিশ্বকাপ জয়ের পর একই মাঠে ফিরে খেলার স্মৃতিকে ক্যারিয়ারের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন মেসি। তবে বিদায়ের দিনটিকে জীবনের সবচেয়ে বিষাদময় দিনগুলোর একটি বলে অভিহিত করেন তিনি।
মেসি বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে লড়াই করাটা আমি খুব মিস করব। তবে এখন থেকে আমি আপনাদের পাশে ওপারে দাঁড়াব। এই তরুণদের এবং সামনে যারা আসবে, তাদের সবাইকে সমর্থন জুগিয়ে যাব।’
ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, কঠিন সময়েই একটি দলের প্রকৃত শক্তি বোঝা যায়। আর্জেন্টিনা দল অসাধারণভাবে একতাবদ্ধ ছিল বলেই তারা এত অর্জন করতে পেরেছে।
শেষে আবেগাপ্লুত মেসি বলেন, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আমি আপনাদের খুব মিস করব। একজন আর্জেন্টাইন হতে পেরে আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। আর্জেন্টাইন হিসেবে আমি গর্বিত।’ এরপর সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের সবাইকে ভালোবাসি।