২০২৪-২০২৫ মৌসুমে বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ক্লাবগুলো। সে সঙ্গে, ফুটবল দুনিয়ায় টাকার লড়াইয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো স্প্যানিশ জায়ান্টরা। ডেলয়েটের সর্বশেষ 'ফুটবল মানি লিগ' রিপোর্ট অনুযায়ী, আয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে সবাইকে চমকে দিয়ে বড় লাফ দিয়েছে এফসি বার্সেলোনা। খবর গোল ডটকম।
২০২৪–২৫ মৌসুমে বিশ্বের শীর্ষ ২০টি ক্লাব মিলিয়ে আয় করেছে ১২ দশমিক ৪ বিলিয়ন ইউরো, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এ মৌসুমে আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ, যাদের মোট আয় দাঁড়িয়েছে রেকর্ড ১ দশমিক ২ বিলিয়ন ইউরোতে। তালিকার দ্বিতীয় স্থানে বড়সড় চমক দিয়েছে এফসি বার্সেলোনা; গত বছরের ষষ্ঠ স্থান থেকে লাফিয়ে দুই নম্বরে উঠে আসা এই ক্লাবটির আয় ৯৭৪ দশমিক ৮ মিলিয়ন ইউরো।
বায়ার্ন মিউনিখ ৮৬০ দশমিক ৬ মিলিয়ন ইউরো আয় করে তালিকার তৃতীয় স্থানটি নিজেদের করে নিয়েছে। এরপরই চতুর্থ স্থানে রয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি, যাদের বার্ষিক আয় ৮৩৭ মিলিয়ন ইউরো। আর ইংলিশ ক্লাবগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখে ৮৩৬ দশমিক ১ মিলিয়ন ইউরো আয় নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছে লিভারপুল।
রিয়াল মাদ্রিদের আয়ের প্রধান উৎস ছিল বাণিজ্যিক খাত, যা থেকে এসেছে ৫৯৪ মিলিয়ন ইউরো। অন্যদিকে, বার্সেলোনা ষষ্ঠ স্থান থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। নিজেদের স্টেডিয়াম সংস্কারের কাজ চলায় ঘরের মাঠে না খেলেও 'পারমানেন্ট সিট লাইসেন্স' (পিএসএল) বিক্রির মাধ্যমে আয়ের এই অভাবনীয় সাফল্য পেয়েছে কাতালান ক্লাবটি।
শীর্ষ ২০টি ক্লাবের মধ্যে ৯টিই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের। তবে আশ্চর্যের বিষয় হলো, গত ২৯ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ ৪-এর মধ্যে কোনো ইংলিশ ক্লাবের জায়গা হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের অবনতি হয়েছে চোখে পড়ার মতো; তারা চতুর্থ থেকে অষ্টম স্থানে নেমে গেছে। বিপরীতে ম্যানচেস্টার সিটিকে টপকে লিভারপুল এখন ইংল্যান্ডের সবচেয়ে ধনী ক্লাব।
ফুটবল ক্লাবগুলোর মোট আয় ১১ শতাংশ বেড়ে ১২ দশমিক ৪ বিলিয়ন ইউরোতে ঠেকেছে। এর বড় কারণ হলো নতুন ফিফা ক্লাব বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট। এছাড়া স্টেডিয়ামকে শুধু ম্যাচের দিন নয়, অন্য দিনগুলোতেও কনসার্ট বা বাণিজ্যিক কাজে ব্যবহারের ফলে ক্লাবগুলোর পকেটে আসছে মোটা অঙ্কের টাকা।