লা লিগা

রিয়ালের হোঁচট খাওয়ার রাতে লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়াল ২৮, রিয়াল মাদ্রিদের মাত্র তিন পয়েন্ট পিছনে। আন্তর্জাতিক বিরতির আগে এমন জয়ে বার্সা শিবিরে ফিরল আত্মবিশ্বাস ও হাসি দুটোই।

রবার্ট লেভানদোভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে ফের ছন্দে ফিরল বার্সেলোনা। রোববার রাতে লা লিগায় সেল্টা ভিগোর মাঠে ৪-২ গোলের জয় তুলে নিয়ে হানসি ফ্লিকের দল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ব্যবধান কমিয়ে আনল মাত্র তিন পয়েন্টে।

দিনের শুরুতে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর সঙ্গে ড্র করায় সুযোগটা নেন বার্সেলোনার তারকারা। পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। তবে এক মিনিট পরেই সেল্টার সের্জিও ক্যারেইরা সমতা ফেরান।

৩৭ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের নিখুঁত ক্রসে হেডে নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি। কিন্তু বিরতির আগ মুহূর্তে বোরহা ইগলেসিয়াসের অসাধারণ শটে আবার সমতায় ফেরে সেল্টা (২-২)।

তবু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তরুণ লামিনে ইয়ামালের সূক্ষ্ম চিপে আবারো এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা নিয়ন্ত্রণ নেয় পুরো ম্যাচের, আর ৭৩ মিনিটে র‍্যাশফোর্ডের কর্নার থেকে ফ্লিক করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই পোলিশ নাম্বার নাইন।

শেষ সময়ে ফ্র্যাঙ্কি ডি ইয়ং দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়লেও তাতে জয় থামেনি। কোচ হানসি ফ্লিক ম্যাচ শেষে বলেন, ‘চোটের পর নতুন এক লেভানদোভস্কিকে দেখছি—দারুণ আত্মবিশ্বাসী। এই হ্যাটট্রিক তার জন্য নিখুঁত প্রত্যাবর্তন।‘

এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়াল ২৮, রিয়াল মাদ্রিদের মাত্র তিন পয়েন্ট পিছনে। আন্তর্জাতিক বিরতির আগে এমন জয়ে বার্সা শিবিরে ফিরল আত্মবিশ্বাস ও হাসি দুটোই।

বার্সেলোনার এই গোল উৎসবের রাতেই পয়েন্ট হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। রায়ো ভালেকানোর মাঠে গিয়ে গোলশূন্য ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এমবাপ্পে- ভিনিসিয়ুস-বেলিংহামরা বারবার আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষক অগুস্তো বাতাইয়ার দেয়াল ভাঙতে পারেননি।

আরও