২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে তীব্র বিতর্কের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংস্থাটি ঘোষণা করেছে, আগামী বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিত ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। ফিফার এ ঘোষণার পর থেকেই তাদের পোস্টের নিচে নেতিবাচক মন্তব্য শুরু করেন নেটিজেনরা। সেখানে আবার আর্জেন্টিনা-মিশর ম্যাচের অফিসিয়ালদের তালিকার ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন কেউ কেউ। কারণ আর্জেন্টিনার সেই ম্যাচে ছিলেন ফ্রান্সের তিন রেফারি। এমন পরিস্থিতিতে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়োগ দেয়াকে অনেকেই ফিফার ‘পারস্পরিক ভারসাম্য রক্ষার’ পদক্ষেপ হিসেবে দেখছেন নেটিজেনরা।
গতকাল রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মিসর। সেই ম্যাচে লিওনেল মেসির দল ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ম্যাচের রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে মিসর। এমনকি আর্জেন্টিনার জয়ে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ও তার দল নির্ণায়ক ভূমিকা পালন করার কথা জানিয়ে ফিফাকে অভিযোগ দিয়েছে।
আর্জেন্টিনা-মিসর ম্যাচের দায়িত্বে থাকা প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের, প্রথম সহকারী রেফারি সাইরিল মুগনিয়ের এবং দ্বিতীয় সহকারী রেফারি মেহদি রাহমুনি– তিনজনই ফ্রান্সের নাগরিক। নরওয়ের এস্পেন ইসকাস চতুর্থ রেফারি এবং ইসাক বাশেভকিন রিজার্ভ সহকারী কোচের তালিকায় ছিলেন এ ম্যাচে।
এদিকে, ফ্রান্স-মরক্কোর আসন্ন কোয়ার্টার ফাইনালের দায়িত্ব পাওয়া ৫ রেফারির সবাই আর্জেন্টাইন নাগরিক। যেখানে প্রধান রেফারি হিসেবে ফাকুন্দো টেল্লো, দুই সহকারী কোচ হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শাদে, চতুর্থ অফিসিয়াল দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে ক্রিস্টিয়ান নাভারোর নাম রয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে ফ্রান্স-মরক্কো।