বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ঐতিহাসিক একটি জার্সি নিলামে উঠছে। ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরা জার্সিটির দাম দেড় কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে প্রত্যাশা নিলাম সংস্থা জুপিটারের। এ দামে বিক্রি হলে ‘লাস্ট ড্যান্স’ হয়ে উঠবে নিলামে বিক্রীত সবচেয়ে দামি বাস্কেটবল জার্সি। খবর সিএনএন।
জার্সিটির রঙ সাদা। এতে লেখা আছে জর্ডানের বিখ্যাত ২৩ নম্বর। ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচে এটি পরেছিলেন তিনি। ওই মৌসুমটি জর্ডানের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। শিকাগো বুলসের হয়ে সেটিই ছিল তার শেষ মৌসুম। এ সময়কে বলা হয় ‘দ্য লাস্ট ড্যান্স’।
জর্ডানের ক্যারিয়ারের এ অধ্যায় নিয়ে ২০২০ সালে ‘দ্য লাস্ট ড্যান্স’ নামে একটি প্রামাণ্যচিত্র সিরিজও তৈরি হয়। ইএসপিএন ও নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে নির্মিত সিরিজটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
নিলামটির আয়োজন করছে অনলাইন অকশন সংস্থা জুপিটার। প্রতিষ্ঠানটির মালিক সংগীতশিল্পী ও প্রযোজক ফ্যারেল উইলিয়ামস।
উইলিয়ামসের মতে, জার্সিটির গুরুত্ব শুধু একটি বাস্কেটবল ম্যাচের ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি জর্ডানের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়ের স্মারক। একই সঙ্গে বিশ্ব ক্রীড়া ও জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসেরও অংশ।
ড্রিভেন টু গ্রেটনেস নামের অনলাইন নিলামটি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।