চীনে চলমান জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা। জয় দিয়ে আসর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। গতকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। যদিও গোলমুখে বারবারই সুযোগ নষ্ট হয়েছে। প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। তৃতীয় কোয়ার্টারে গোলের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। দারুণ এক ফিল্ড গোলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন (২-০)। শেষ দিকে গোল করে ম্যাচটা জমিয়ে তোলে মালয়েশিয়া। ৫৯ মিনিটে একটি গোল শোধ করে দলটি। তাতে অবশ্য বাংলাদেশের জয় আটকাতে পারেনি তারা। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন সারিকা রিমনরা।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ শুক্রবার কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে যায়। সেই হারে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সরাসরি সুযোগ শেষ হয়ে যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেতে হলে অন্তত সেমিফাইনালে উঠতে হতো বাংলাদেশকে। বিশ্বকাপে খেলার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি। আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে হলে বাংলাদেশ খেলার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলে সংশ্লিষ্ট মহাদেশ থেকে আরেকটি দেশ সুযোগ পায়। যেহেতু বাংলাদেশ পঞ্চম হলো, তাই সুযোগটা বাংলাদেশই তখন পাবে।
এবার ১০ দলের আসরে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে খেলেছে কাজাখস্তান, পাকিস্তান, চাইনিজ তাইপে ও হংকং। এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। চ্যালেঞ্জার পুলের তিনটি ও এলিট পুলের সবক’টি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। বাংলাদেশের মেয়েরা চ্যালেঞ্জার পুলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে। শেষ আটে বাংলাদেশ হেরে যায় জাপানের কাছে এবং মালয়েশিয়া হেরে যায় দক্ষিণ কোরিয়ার কাছে।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৭-০ গোলে, পাকিস্তানকে ৫-১ গোলে, কাজাখস্তানকে ৪-০ গোলে ও হংকংকে ৬-০ গোলে হারিয়ে দেয় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। গ্রুপে দাপটের সঙ্গে এগিয়ে যায় তারা। যদিও কোয়ার্টার ফাইনালে গিয়ে জাপানের সঙ্গে পেরে ওঠেনি তারা।
২০২৩ সালের জুনিয়র এশিয়া কাপ হকিতে খেললেও নবম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এবার লাল-সবুজ মেয়েরা পঞ্চম হয়ে দেশে ফিরছে, যা তাদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
এদিকে, টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ভারত ও চীন। দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা, আর জাপানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিক চীন। আজ ফাইনালে মুখোমুখি হবে ভারত-চীন, ব্রোঞ্জ ম্যাচে লড়বে জাপান ও দক্ষিণ কোরিয়া।
গতকাল পর্যন্ত সর্বোচ্চ ৭ গোল করেছেন বাংলাদেশের সারিকা রিমন। সমান ৬ গোল করেছেন ভারতের তিনজন। এছাড়া ৫ গোল করেছেন বাংলাদেশের আইরিন রিয়া, ভারতের গীতা যাদব ও পাকিস্তানের শারিকা।
এদিকে জুনিয়র এশিয়া কাপ হকিতে সপ্তম হয়েছে বাংলাদেশের ছেলেরা। গতকাল সপ্তম বা অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল।
গ্রুপ পর্বে চীন, মালয়েশিয়া ও পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ দল। তারা শুধু হারাতে পেরেছে কাজাখস্তানকে। যদিও জয় দিয়েই আসর শেষ করল লাল-সবুজ যুবারা। আসরের সেমিতে উঠেছে ভারত, মালয়েশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া।