বাংলাদেশে ম্যাচ খেলতে চায় ব্রাজিল, মাঠ পরিদর্শন

লিওনেল মেসির আর্জেন্টিনা খেলে গেছে ঢাকার মাঠে। এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলেরও ঢাকায় ম্যাচ খেলার সম্ভাবনা উঁকি দিচ্ছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছেন। মাঠ, ড্রেসিং রুমসহ স্টেডিয়ামের বিভিন্ন সুবিধা পরিদর্শনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ অথবা নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই মাঠে ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে ব্রাজিল।

গতকাল দুপুরে ঢাকায় এসে প্রতিনিধি দলটি প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করে। মাঠের অবস্থা, ড্রেসিং রুম, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন তারা। বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেনও তাদের সঙ্গে ছিলেন।

অতিথিদের স্টেডিয়াম পরিদর্শন শেষে ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের জানিয়েছে, ভবিষ্যতে আমাদের স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে, কিংবা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে। আমরা তাদের জানিয়েছি, মাঠের প্রস্তুতির কাজ চলছে। কাজ শেষ হতে আরো প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। তারা মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছেন এবং প্রয়োজন হলে আবারো স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন বলে জানিয়েছেন।’

এ সময় প্রতিনিধি দলটি মাঠে পানি দেয়ার ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থাও পর্যবেক্ষণ করে। এরপর ঘুরে দেখেছে ড্রেসিং রুম ও গ্যালারি।

ব্রাজিল দলের বাংলাদেশ সফর এখনই নিশ্চিত হয়ে যায়নি। প্রতিনিধি দলের এবারের সফরের মূল উদ্দেশ্য ছিল জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করা। ভবিষ্যতে ব্রাজিলের জাতীয় দল এখানে খেলবে কিনা, সে বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। সেই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে কলকাতার সল্টলেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধি দল। সেখান থেকে ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামও দেখে গেলেন তারা। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলের প্রতিনিধিরা নিজেদের মতামত পরে জানাবেন। এর পরই স্পষ্ট হবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা কতটা বাস্তব।

আরও