প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রাফিনহার একমাত্র গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা (১-০)। আজ রোববার লাস ভেগাসের এলিজায়ান্ট স্টেডিয়ামে আক্রমণের পসরা সাজিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বীদের নাভিশ্বাস তুলে দেন জাভির শিষ্যরা।
এদের মিলিতাও, ডেভিড আলাবা, অ্যান্থনি রুডিগারদের বিপরীতে বার্সেলোনার রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি। গোলমুখে ৯টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি রিয়াল। অন্যদিকে বার্সেলোনার ১৬টি শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।
ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় কাতালানরা। প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুল পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে রাফিনহার নেয়া বুলেট গতির শট জালে ঠিকানা খুঁজে নেয়।
চারটি প্রস্ততি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র সফরে আছে কাতালানরা। প্রথম প্রস্তুতি ম্যাচে গত বুধবার ইন্টার মিয়ামিকে ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল তারা। ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচেও একটি গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা। ওই ম্যাচে সতীর্থদের দিয়েও করিয়েছিলেন দুটি গোল।
চলতি দলবদলে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। নতুন ক্লাবে যোগ দিয়ে ইতোমধ্যে দুবার জালের দেখা পেয়ে গেলেন রাফিনহা।
ব্যর্থতা কাটিয়ে উঠে বার্সেলোনা লা লিগার ২০২১-২২ মৌসুম শেষ করে দুই নম্বরে থেকে। এবারের দলবদলে রাফিনহা, রবার্তো লেভানদোভস্কি, ফ্র্যাঙ্ক কেসি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনদের দলে ভিড়ায় ক্লাবটি। এ ম্যাচে রিয়ালের বিপক্ষে এদের সবাইকেই মাঠে নামান জাভি। আগামী বুধবার তৃতীয় প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে নামবে বার্সেলোনা।