জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের ক্রিকেট সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে স্বর্ণ পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে লিটন দাসের দলের। আগামী শনিবার ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে বাংলাদেশ।
গত তিন দিনের বৃষ্টিতে করোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে নির্ধারণ করা হয় ১৩ ওভার। আর তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সান্ত্বনা হয়েই থাকল।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান। শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান সংগ্রহ করে তারা। এরপর তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের লড়াকু ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার।
হৃদয়ের সঙ্গে সাইফ হাসান ১৭ বলে ১৯ এবং মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ রান করেন। ৭ ওভার ৪ বলে বাংলাদেশের ৫০ রান পূর্ণ হয়। ১১.৬ ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছাড়ায়। শেষ পর্যন্ত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১৫ রান, যার মধ্যে ছিল ১৫টি ওয়াইড।
১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল পাকিস্তান। ১১ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
পাকিস্তানের হয়ে আব্দুল সামাদ ১৫ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন। হাসান নাওয়াজ করেন ২২ বলে ২৭ রান। এই দুই ব্যাটার ২৪ বলে ৫০ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।
আজ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকার মধ্যে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে জয়ীর সঙ্গে আগামী ৩ অক্টোবর ফাইনাল খেলবে পাকিস্তান।