আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের ২৮ মে টেস্টটি শুরু হবে ঐতিহাসিক লর্ডসে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
এর আগে ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে লর্ডস ও ম্যানচেস্টারে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলে ইংলিশরা। ১১ বছর পর দুই দেশ আবার টেস্ট সিরিজ খেলবে। যদিও এই সিরিজটা মাত্র একটি টেস্টের।
২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ড জিতলেও মিরপুরে জিতেছিল বাংলাদেশ। দুই দল মোট ১০ টেস্টে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশের জয় ওই একটিই।
আগামী মাসে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এক বছরের মধ্যে টাইগাররা টেস্ট খেলবে ইংল্যান্ডেও।
আজ ইসিবি জানিয়েছে, ২০২৭ সালে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশের নারী দলও। ৮ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১০ সেপ্টেম্বর টনটন ও ১২ সেপ্টেম্বর উস্টারে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। পরে ১৭ সেপ্টেম্বর হোভ, ২১ সেপ্টেম্বর কেন্টাবেরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে হবে তিন ওয়ানডে।