উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের নিষ্পত্তি আজ। উত্তর লন্ডনের আর্সেনাল স্টেডিয়ামে দ্বিতীয় লেগে স্বাগতিক দলের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। গানারদের সঙ্গে ঘরের মাঠে প্রথম লেগে ১-১ গোলে ড্র করে অ্যাটলেটিকো। আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা।
মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ প্রথম লেগে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস প্রথমার্ধের পেনাল্টি গোল আর্সেনালকে এগিয়ে দিলেও অ্যাটলেটিকোর হয়ে সমতা আনেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ।
অ্যাটলেটিকোর আক্রমণভাগ রয়েছে অনবদ্য ফর্মে। প্রথম লেগেও তারা কর্তৃত্ব করেছে। দলটি চলতি মৌসুমে মোট ৩৫টি গোল করেছে। সেই তুলনায় আর্সেনাল করেছে ২৮ গোল। সর্বোচ্চ ৪৩ গোল করেছেন বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, দ্বিতীয় সর্বোচ্চ ৪২ গোল করেছে বায়ার্ন মিউনিখ।
অ্যাটলেটিকো আক্রমণে সেরা হলেও দুর্ভেগ্য রক্ষণ রয়েছে আর্সেনালের। চলতি মৌসুমে একমাত্র অপরাজিত দল লন্ডন জায়ান্টরা (১০ জয় ও তিন ড্র)। গোল হজম করেছে মাত্র ছয়টি, চলতি মৌসুমে ক্লিন শিট করেছে আট ম্যাচে। যদিও গত ৩৭টি উয়েফা ম্যাচে গোলবার অক্ষত রাখতে পারেনি অ্যাটলেটিকো।
এবারই ঘরের মাঠে লিগ পর্বের ম্যাচে অ্যাটলেটিকোকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় আর্সেনাল। ইয়োকেরেস করেছিলেন জোড়া গোল। ওই ফল আজ নিজেদের মাঠে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রাখবে মিকেল আরতেতার দলকে। আবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংলিশ দলগুলোর বিপক্ষে অ্যাটলেটিকোর রেকর্ডও আর্সেনালকে আশা দেখায়। মোট ১৩টি উয়েফা ম্যাচের মধ্যে মাদ্রিদের দলটি জিতেছে মাত্র দুটি, হেরেছে আটটি আর ড্র করেছে তিনটি। ২০১৭-১৮ মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে অবশ্য শেষ হাসি হেসেছে অ্যাটলেটিকো। সেবার দুই লেগ মিলিয়ে তারা জিতে যায় ২-১ গোলে। আজ কোন দল উঠবে ফাইনালে?
দুটি দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার স্বপ্ন দেখছে। তবে শিরোপা জয়ের আগে ফাইনালের টিকিট পেতে হবে। আর্সেনাল এর আগে সর্বশেষ ফাইনাল খেলে ২০০৬ সালে। সেবার বার্সেলোনার কাছে হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গ হয় আর্সেন ওয়েঙ্গারের দলের। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে শিরোপার ম্যাচে হেরে যাওয়া অ্যাটলেটিকো আরেকটি ফাইনালের খোঁজে।