ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার জমজমাট ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি ম্যানইউ জিতেছে কবি মাইনুর ৭৭ মিনিটের গোলে।
এ জয়ের পর ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান সংহত করল ম্যানইউ। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল ও ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা। ৩৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা বোর্নমাউথের পক্ষে আর কোনোভাবেই ম্যানইউকে টপকে যাওয়া সম্ভব নয় বলেই রেড ডেভিলদের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে।
এর আগে আর্সেনাল ও ম্যানসিটির চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হয়েছে। এবার টিকিট পেল ম্যানইউ। প্রিমিয়ার লিগ থেকে আরো দুটি দল পাবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।
ম্যানইউর জয়ের নায়ক কবি মাইনু। ছবি: এপি
আজ ম্যাচের ষষ্ঠ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে লিড নেয় ম্যানইউ। ১৪ মিনিটে গোল ব্যবধান ২-০ করে বেঞ্জামিন সেসকো। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৪৭ মিনিটে ডমিনিক সবোলাই ব্যবধান কমান (২-১)। কডি গাকপো ম্যাচের ৫৬ মিনিটে সমতা আনেন (২-২)। শেষ দিকে ম্যানইউর জয়সূচক গোল করেন মাইনু। তিনি সদ্যই ম্যানইউর সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তিটা তিনি উদযাপন করলেন ম্যানইউর জয়সূচক গোল করে।
আজ বোর্নমাউথ ৩-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারায়। আজ রাত ১টায় অ্যাস্টন ভিলা খেলবে টটেনহ্যামের বিপক্ষে। এ ম্যাচে জিতলে লিভারপুলকে টপকে চারে উঠে যাবে অ্যাস্টন ভিলা।