অষ্টম নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ রাতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। মালদ্বীপের বিপক্ষে ভারত ১১-০ গোলে ও বাংলাদেশ ৪-২ গোলের জয় তুলে নেয়। দুই দলেরই পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে অনেক এগিয়ে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, তা নির্ধারণে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জিততেই হবে, আর ভারতের ড্র করলেই চলে।
সদ্যই অধিনায়কত্ব হারানো আফঈদা খন্দকার আজকের ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন। তার জায়গায় খেলবেন কোহাতি কিসকু। খেলতে পারেন শিউলি আজিমও।
সাফ চ্যাম্পিয়নশিপে ৭ বারের মুখোমুখিতে ভারত ৪ বার ও বাংলাদেশ ২ বার জিতেছে। ড্র হয়েছে একটি ম্যাচ। এছাড়া, ৭ আসরের মধ্যে ভারত ৫ বার ও বাংলাদেশ ২ বার শিরোপা জিতেছে। সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জয় করে লাল-সবুজরা।
আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।