সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হারমানপ্রীতের। আর ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে প্রথম নেতৃত্ব হাতে পান। পরবর্তীতে ২০২২ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টেস্ট ফরম্যাটেও দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে একমাত্র তিনিই ১৫০টির বেশি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করার অনন্য রেকর্ড গড়েছেন

বিজয়ীর মুকুট আর সাফল্যের স্মৃতি ঝোলায় পুরে অধিনায়কত্বের ইতি টানলেন ভারতীয় নারী ক্রিকেটার হারমানপ্রীত কৌর। সব ধরনের ফরম্যাট থেকেই দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এ তারকা ক্রিকেটার। তার নেতৃত্বেই ভারতের নারী ক্রিকেট দল প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ট্রফি জেতার ইতিহাস গড়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগপূর্ণ বার্তায় অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান হারমানপ্রীত। তিনি লেখেন, ‘‌আন্তর্জাতিক ক্রিকেটে ভারত দলকে নেতৃত্ব দেয়ার পথচলা আজ এখানেই শেষ হলো। সিদ্ধান্তটি নেয়া মোটেই সহজ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, অনুভূতি, ত্যাগ আর এমন কিছু মুহূর্ত যা জীবনের শেষ দিন পর্যন্ত আমার হৃদয়ে থাকবে। আজ আবেগে ভরা হৃদয় আর গভীর এক তৃপ্তি নিয়ে অধিনায়কত্ব ছাড়ছি; কারণ আমি বিশ্বাস করি, আমাদের দল এখন দারুণ জায়গায় অবস্থান করছে।’

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হারমানপ্রীতের। আর ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে প্রথম নেতৃত্ব হাতে পান। পরবর্তীতে ২০২২ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টেস্ট ফরম্যাটেও দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে একমাত্র তিনিই ১৫০টির বেশি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করার অনন্য রেকর্ড গড়েছেন। এছাড়া ৫টি টেস্ট ও ৫১টি ওডিআই ম্যাচেও ভারতের ব্যাটন ছিল তার হাতে।

তার নেতৃত্বে ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপ জয় ভারতের নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। এছাড়া সাম্প্রতিক সময়ে এশিয়ান গেমসে স্বর্ণপদক ধরে রাখা এবং এশিয়া কাপ ট্রফি জয়েও তার নেতৃত্ব ছিল অনবদ্য। ২০১৮ ও ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২০ সালে দলকে ফাইনালে তোলার নেপথ্যে বড় অবদান ছিল এই অভিজ্ঞ ব্যাটারের।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার পরদিন এই চূড়ান্ত বার্তা এলো। অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও সাধারণ খেলোয়াড় হিসেবে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন হারমানপ্রীত।

আরও