বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শন টেইট

পারিবারিক কারণে জাতীয় দলের বোলিং কোচের পদ থেকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিসিবিকে তার পরিস্থিতি জানানোর পর থেকে টেইট সংক্ষিপ্ত সময়ের জন্য এ দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, পদ থেকে তার সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। সৌহার্দ্যপূর্ণভাবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের আগ মুর্হূতে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট।

বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দলের বোলিং বিভাগ দেখাশুনা করবেন বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়ের।

২০২৫ সালের মে মাসে জাতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন টেইট। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের পেস বোলিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টেইট। ক্রমবর্ধমান ও শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশের পেস আক্রমণকে আরো ধারাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এবং বিভিন্ন সংস্করণে ফাস্ট বোলারদের দক্ষতা, ধারাবাহিকতা ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করেছেন।

বিদায় বেলায় এক বিবৃতিতে টেইট বলেন, বাংলাদেশ জাতীয় দলে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অংশ হতে পারাটা আমার জন্য ছিল বিশেষ সৌভাগ্যের। সিদ্ধান্তটি সহজ ছিল না এবং বিসিবির সাথে বোঝাপড়া ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে তাতে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানাই।

আরও