লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে রিয়াল ওভিয়েদোকে। নতুন করে স্পেনের শীর্ষ স্তরে ফিরে আসা ওভিয়েদোর ঘরের মাঠে জোড়া গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শেষদিকে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
২৫ বছর পর স্পেনের সর্বোচ্চ লিগে ফিরে আসা রিয়াল ওভিয়েদোর জন্য রিয়াল মাদ্রিদের আগমন ছিল এক উৎসবের উপলক্ষ। রোববার অ্যাস্টুরিয়ার দর্শকরা তাদের উচ্ছ্বাস আর সমর্থন দিয়ে পুরো স্টেডিয়ামে এক বিশেষ আবহ তৈরি করেছিল।
আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের জয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলনসো তার শুরুর একাদশে কিছু পরিবর্তন আনেন। ভিনিসিয়ুস জুনিয়র এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পরিবর্তে একাদশে আসেন রদ্রিগো এবং চোট থেকে ফেরা অধিনায়ক দানি কার্ভাহাল। তবে বদলি হিসেবে নেমেও ভিনিসিয়াস একটি অ্যাসিস্ট এবং একটি গোল করে নিজেকে প্রমাণ করেছেন।
এই ম্যাচে মাদ্রিদের হয়ে পূর্ণাঙ্গ অভিষেক হয় ১৮ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। শুরু থেকেই গতিময় ড্রিবলিং দিয়ে নজর কাড়েন এই সেনসেশন।
৩৭ মিনিটে আরদা গুলারের পাস ধরে টার্ন নিয়ে নিখুঁত শটে জাল ভেদ করেন এমবাপ্পে। তবে গোলটির আগে শুয়ামেনির শক্ত ট্যাকল নিয়ে ওভিয়েদোর খেলোয়াড়রা আপত্তি তুললেও রেফারি গোল বহাল রাখেন।
দ্বিতীয়ার্ধে ওভিয়েদো কয়েকটি সুযোগ তৈরি করে। ৮১ মিনিটে কওয়াসি সিবোর শট পোস্টে লেগে ফিরে এলে সমতা আনতে পারেনি স্বাগতিকরা। কিন্তু সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
দুই মিনিট পর ভিনিসিয়ুস বল কেড়ে নিয়ে এমবাপ্পেকে পাস দিলে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা। যোগ করা সময়ে (৯৩তম মিনিটে) নিজেই গোল করে ৩-০’তে বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস।