রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লামের আশা জাগালেন জোকোভিচ

১৮ বছর আগে মেলবোর্নে প্রথম শিরোপা জিতেছিলেন জোকোভিচ। রোববার মেলবোর্ন পার্কে নামছেন ১১তম শিরোপার খোঁজে।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ২৪ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। আজ প্রথম সেমিফাইনালে আলকারাজ হারিয়েছেন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে, আরেক সেমিতে জোকোভিচ হারান টানা দুইবারের চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনারকে। এর মধ্য দিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপার আশা জাগিয়েছেন জোকোভিচ।

কার্লোস আলকারাজ ও আলেক্সান্ডার জেভেরেভের লড়াইটা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কখনো আলকারাজের দিকে, কখনোবা জেভেরেভের দিকে হেলে পড়ছিল ম্যাচটা। প্রায় সাড়ে ৫ ঘন্টায়ও (৫ ঘন্টা ২৭ মিনিট) দুজনকে আলাদা করা যাচ্ছিল না। অবশেষে ম্যারাথন লড়াইয়ে জয় হয় স্প্যানিশ সুপারস্টার আলকারাজের। জার্মান তারকাকে ৬-৪, ৭-৬ (৭/৫), ৩-৬ (৩/৭), ৬-৭ (৪/৭), ৭-৫ গেমে হারান তিনি। এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন আলকারাজ। রোববার ফাইনালে তিনি সামনে পেয়েছেন রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান সুপারস্টার ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনারকে। ২০২৩ সালের পর এই প্রথম সিনারকে তিনি হারাতে পেরেছেন।

ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—সবই জিতেছেন ক্যারিয়ারে। জেতা হয়নি শুধু অস্ট্রেলিয়ান ওপেন। এবার মেলবোর্নে শিরোপা জিতে ‘ক্যারিয়ার স্ল্যাম’ পূর্ণ করার আশায় মেলবোর্নে খেলতে এসেছেন আলকারাজ। এ স্বপ্নপূরণে তার সামনে এখন একটি ম্যাচ—ফাইনাল।

স্বপ্নপূরণের পথে আলকারাজকে ডিঙাতে হবে জোকোভিচের মতো ‘হিমালয়সম’ বাধা। রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপার খোঁজে খেলা জোকোভিচ ২০২৪ সালের উইম্বলডনের পর আরেকবার গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠলেন। তিনি সর্বশেষ গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন ২০২৩ সালে ইউএসও ওপেনে।

১৮ বছর আগে মেলবোর্নে প্রথম শিরোপা জিতেছিলেন জোকোভিচ। রোববার মেলবোর্ন পার্কে নামছেন ১১তম শিরোপার খোঁজে।

আরও