ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুমে আজ প্রথম ম্যানচেস্টার ডার্বি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
পেপ গার্দিওলার বিদায়ের পর এঞ্জো মারেসকার অধীনে নতুন সূচনা হয়েছে ম্যানচেস্টার সিটির। এ কোচের অধীনে টানা তিন ম্যাচে জিতেছে সিটিজেনরা। অন্যদিকে ম্যানইউ প্রথম তিন ম্যাচের মাত্র একটি জিতে টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে। ওল্ড ট্র্যাফোর্ডে আজ এ দুটি দল মুখোমুখি হবে।
সর্বশেষ তিন দেখায় সমানে সমান দুই দল। তিন ম্যাচের মধ্যে একটি ড্র হয়, বাকি দুটিতে একটি করে জয় পায় উভয় দল। ২০২৫ সালের ৬ এপ্রিল ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য ড্র হওয়ার পর ১৪ সেপ্টেম্বর ইতিহাদে ৩-০ গোলের জয় তুলে নেয় ম্যানসিটি। এ বছর ১৫ জানুয়ারি গত মৌসুমের ফিরতি লিগে ২-০ গোলের জয় তুলে নেয় রেড ডেভিলরা।
অবশ্য স্যার অ্যালেক্স ফার্গুসনের পর আর কোনো সময়ই প্রিমিয়ার লিগে সিটিকে টানা দুই ম্যাচে হারাতে পারেনি ম্যানইউ। এছাড়া ম্যানইউর বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জিততে সমর্থ হয়েছে ম্যানসিটি। তার আগে অবশ্য ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পায় সিটিজেনরা।
একটি রেকর্ড আজ ম্যানইউকে আত্মবিশ্বাসী করে তুলবে। মাইকেল ক্যারিক দায়িত্ব গ্রহণের পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ১০টি ম্যাচ খেলে নয়টিই জিতেছে ম্যানইউ। তাদের জেতা প্রতি ম্যাচে রেড ডেভিলরা ন্যূনতম দুই গোল করেছে। সর্বশেষ তিন ম্যাচে দুটি করে গোল হজম করেও জিতেছে ম্যানইউ।
ম্যানসিটি চলতি মিশনে প্রথম তিন ম্যাচেই জিতেছে। এ নিয়ে সপ্তমবারের মতো নতুন মৌসুমের প্রথম চার ম্যাচেই জয়ের আশা নিয়ে মাঠে নামছে মারেসকার দল।
ম্যানসিটির অধিনায়ক রুবেন ডিয়াস বলেছেন, গ্রীষ্মের দলবদলে কেনা খেলোয়াড়রা প্রত্যেকেই জিততে মরিয়া। সদ্য সমাপ্ত দলবদলে রেকর্ড ৪৫ কোটি ৮০ লাখ পাউন্ড ব্যয় করেছে ম্যানসিটি। এঞ্জো ফার্নান্দেজ, এলিয়ট অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দির মতো খেলোয়াড় এসেছেন ইতিহাদে। এ সময় খেলোয়াড় বিক্রির খাত থেকে ৩০ কোটি পাউন্ডের মতো আয় করেছে ক্লাবটি। সিটি ছেড়ে গেছেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি, সাবেক অধিনায়ক বার্নার্দো সিলভা ও জন স্টোনস।
বদলে যাওয়া স্কোয়াড নিয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচে জয় তুলে দারুণ সূচনা করেছে ম্যানসিটি। আজ তারা কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে। ২০২০ সালে ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে ম্যানসিটিতে নাম লেখানো ডিয়াস এখন দলটির নেতা। সিটি ডার্বির আগে তিনি নতুন কোচকে নিয়ে বলেন, ‘অনুশীলনে তো অনেক বিষয় উঠে আসে—আমরা কীভাবে চাপ তৈরি করব, আমাদের রক্ষণ কৌশল কী হবে এবং এঞ্জোর দর্শন কী হবে। আমি মনে করি, সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে।’
স্প্যানিশ লা লিগায় আজ বার্সেলোনা খেলবে লেভান্তের মাঠে, রিয়াল সোসিয়েদাদ আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে।