চ্যাম্পিয়নস লিগ

কেইনের ডাবল, চেলসিকে ৩-১ গোলে হারিয়ে বায়ার্নের শুভ সূচনা

এই জয়ে বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে টানা ২২তম মৌসুমের প্রথম ম্যাচ জিতল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে অব্যাহত রাখল অপরাজিত ধারাও। অন্যদিকে প্রিমিয়ার লিগে অপরাজিত চেলসির জন্য এটাই মৌসুমের প্রথম হার।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের শুরুটা হলো প্রত্যাশামাফিক। হ্যারি কেইনের জোড়া গোলে জার্মান চ্যাম্পিয়নরা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে।

বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। তবে প্রথম গোল আসে চেলসির ভুলে। ২০ মিনিটে মাইকেল ওলিসের ক্রস সামলাতে গিয়ে ট্রেভো চালোবা নিজের জালেই বল জড়িয়ে দেন। মাত্র সাত মিনিট পর পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, ব্যবধান তখন ২-০।

তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর মাত্র দুই মিনিট পরই কোল পালমার দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান।

প্রথমার্ধের খেলা ২-১ ব্যবধানে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় বায়ার্ন। অন্যদিকে, চেলসিও গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু তাদের কোনো প্রচেষ্টাই জাল খুঁজে পায়নি। ম্যাচের ৬৩ মিনিটে আবারো চেলসির জালে বল জড়ান হ্যারি কেইন।

এই জয়ে বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে টানা ২২তম মৌসুমের প্রথম ম্যাচ জিতল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে অব্যাহত রাখল অপরাজিত ধারাও। অন্যদিকে প্রিমিয়ার লিগে অপরাজিত চেলসির জন্য এটাই মৌসুমের প্রথম হার।

জোড়া গোল কেইনকে এক বিশেষ তালিকায় জায়গা দিয়েছে। তিনি এখন ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের সঙ্গে সেই সীমিত খেলোয়াড়দের একজন, যারা দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে ২০ এর বেশি গোল করেছেন।

অন্যদিকে বায়ার্নের কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ৩৯ বছর বয়সে ক্লাবের ইতিহাসে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামলেন। ম্যাচে তাকে কোনো বড়সড় পরীক্ষা দিতে হয়নি।

আরও