এমএলএস অল-স্টার ম্যাচে লিগের পূর্বানুমতি ছাড়াই খেলেননি বলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ জানায়, স্কোয়াডে থাকা সত্ত্বেও মেসি ও আলবা ইনজুরি ছাড়াই বুধবারের অল-স্টার ম্যাচে খেলেননি। খবর বেইন স্পোর্টস।
এমএলএসের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে খেলোয়াড়রা পরবর্তী ক্লাব ম্যাচে অংশ নিতে পারবেন না। ফলে শনিবার ইন্টার মায়ামি বনাম ইস্টার্ন কনফারেন্স শীর্ষে থাকা এফসি সিনসিনাটি ম্যাচে খেলতে পারবেন না মেসি ও আলবা।
মহাতারকা মেসিকে নিষেধাজ্ঞার কবলে ফেলা নিয়ে এমএলএস কমিশনার ডন গারবার জানান, ‘এটা ছিল খুব খুব কঠিন। নিয়ম প্রয়োগ করা কষ্টকর হলেও এটা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল।‘
সন্দেহাতীতভাবেই বিশ্বব্যাপী এমএলএসের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার প্রধান কারণ লিওনেল মেসি। গারবার হয়তো সে কারণেই বলেছেন, ‘আমি জানি মেসি এমএলএসকে ভালোবাসেন। এমএলএস কী, তা বিশ্বকে দেখাতে মেসি বছরজুড়ে সাহায্য করছেন। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার কাছে—মেজর লিগ সকারের জন্য লিওনেল মেসির চেয়ে কেউ বেশি করেনি। সেটা শুধু মাঠের বাইরে নয়, মাঠের ভেতরেও। দর্শকেরা তার সব ম্যাচই দেখেন। ইন্টার মায়ামির প্রতি তার অঙ্গীকারকে আমি সম্মান ও শ্রদ্ধা করি।’
তবে এ ঘোষণায় চটেছেন ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস। তিনি এ সিদ্ধান্তকে ‘অতিরিক্ত কঠোর’ বলে মন্তব্য করে বলেন, ‘শাস্তিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাব, সমর্থক, স্পনসর ও সম্প্রচারক।‘
তিনি জানান, ক্লাব খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই।