এশিয়ান গেমস

থাইল্যান্ডকে হারিয়ে ছেলেদের হকিতে সপ্তম বাংলাদেশ

আজ শনিবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দেয় পিটার গেডহার্ডের দল।

এশিয়ান গেমসে ছেলেদের হকিতে সপ্তম হয়েছে বাংলাদেশ। আজ শনিবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দেয় পিটার গেডহার্ডের দল।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে দলকে উল্লাসে মাতান রোমান সরকার। প্রথম কোয়ার্টারেই পাওয়া এই গোলের পর আরো আক্রমণাত্মক খেলে পিটার গেরহার্ডের দল। দ্বিতীয় কোয়ার্টারে ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম জাল খুঁজে নেন (২-০)। শেষ কোয়ার্টারে ফের গোলের উল্লাসে মাতে লাল-সবুজের প্রতিনিধিরা। ৫৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করেন। থাইল্যান্ড গোলের নিশানা ভেদ করতে পারেনি বলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন আমিরুল-জিমিরা।

গ্রুপ পর্বে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে হারলেও শ্রীলংকা ও ইন্দোনেশিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ দল। লাল-সবুজ জার্সিধারীরা পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে পা রাখে স্থান নির্ধারণী নকআউটে।

চীনের সঙ্গে নকআউটের লড়াইয়ে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওই হারে তাদের অংশ নিতে হয় সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে।

আরও