টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের তোপের মুখে আইসিসি

ডব্লিউসিএর অভিযোগ, আসন্ন বিশ্বকাপের জন্য আইসিসি নতুন যে শর্ত পাঠিয়েছে, তা গত বছর দুই পক্ষের সম্মতিতে হওয়া চুক্তির পরিপন্থী। খেলোয়াড়দের জন্য এ শর্তগুলোকে শোষণমূলক বলে অভিহিত করেছে সংগঠনটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নতুন বিতর্কে জড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে আইসিসির সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছে খেলোয়াড়দের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। খবর ইএসপিএন ক্রিকইনফো।

সংগঠনটির অভিযোগ, আসন্ন বিশ্বকাপের জন্য আইসিসি নতুন যে শর্ত পাঠিয়েছে, তা গত বছর দুই পক্ষের সম্মতিতে হওয়া চুক্তির পরিপন্থী। খেলোয়াড়দের জন্য এ শর্তগুলোকে শোষণমূলক বলে অভিহিত করেছে সংগঠনটি।

আইসিসি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি নির্দিষ্ট সদস্য দেশের জন্য প্রযোজ্য ছিল। এবারের বিশ্বকাপের সব দলের জন্য তা কার্যকর নয়। এর জবাবে খেলোয়াড়দের সংগঠনটি বলেছে, আগের চুক্তিতে স্পষ্ট বলা ছিল যে সব ক্রিকেটারের জন্যই ওই সুরক্ষা প্রযোজ্য হবে। তাই বিশ্বকাপে অংশ নেয়া সব খেলোয়াড়ই সেই আইনি সুবিধা পাওয়ার অধিকার রাখেন বলে তারা মনে করেন।

ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মফাট নতুন এ শর্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আইসিসির দেয়া নতুন শর্তগুলো খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার ও সুরক্ষাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের শারীরিক তথ্য এবং লাইসেন্সিং সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা আপত্তি জানিয়েছেন।

টম মফাট আরো অভিযোগ করেন, একই বিশ্বকাপে অংশ নেয়া বড় দলগুলো ভালো সুবিধা পেলেও কম আয়ের খেলোয়াড়দের কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে। অথচ অনেক ক্রিকেটারের জন্য আইসিসির এ ইভেন্টগুলোই আয়ের প্রধান উৎস।

বিশ্ব ক্রিকেটারদের সংগঠন জানিয়েছে, তারা ক্রিকেটের উন্নয়ন বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আয়োজনের বিরোধিতা করছে না। তবে খেলোয়াড়দের অংশীদার করে নিয়েই সেই লক্ষ্য অর্জন করতে হবে। সংগঠনটির দাবি, সংশ্লিষ্ট খেলোয়াড়রা আগেই সম্মত স্কোয়াড শর্তে স্বাক্ষর করেছেন। তাই বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সেই পুরোনো শর্তই কার্যকর করতে হবে।

আরও