ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। সিপিএলের চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলার জন্য গায়ানা ছাড়ছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি ও উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। নবির জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন মিরাজ, আর গুরবাজের বিকল্প হিসেবে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিস।
জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে না থাকায় সিপিএলের পুরো মৌসুমেই গায়ানার হয়ে খেলতে পারবেন মিরাজ। এর আগে ২০১৭ সালে ট্রিনবাগো নাইট রাইডার্স তাকে বদলি খেলোয়াড় হিসেবে নিলেও মূল একাদশে এখনো অভিষেক হয়নি। অন্যদিকে, পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস গত জুলাই-আগস্টে জিএসএলে গায়ানার হয়ে খেলে গেছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এ কারণে সিপিএলের মাঝপথেই জাতীয় দলে যোগ দিতে হচ্ছে নবি ও গুরবাজকে। সিপিএলে থাকার কারণে এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৪-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজটা খেলা হয়নি নবির।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ও চলমান সিপিএল মিলিয়ে ১১টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে গায়ানা। এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন নবি। সিপিএলে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২টি উইকেট নিয়েছেন তিনি, যেখানে তার ইকোনমি রেট ছিল ছয়ের নিচে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে নবির ৪ উইকেটের শিকারই গায়ানার প্লে-অফ নিশ্চিত করতে সহায়তা করে।
অধিনায়ক ইমরান তাহির নবির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘নবি একজন প্রকৃত কিংবদন্তি ও বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার। ব্যাটে-বলে তার অবদান এবং দলের তরুণদের কাছে জ্ঞান শেয়ার করার মানসিকতা অনন্য। আমরা তাকে সত্যিই মিস করব।" অন্যদিকে, গুরবাজও দুই ইনিংসে ৯৩ রান করে (এক ম্যাচে ৩৫ বলে ৫৪ এবং অন্যটিতে ২৫ বলে ৩৯) দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’