বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যানকে ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরো মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি। এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাড়াবেন তিনি। মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানান। তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জ্যোতি। তার অধিনায়কত্বে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচসহ পুরো আসরে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জ্যোতি। চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে নেন সাতটি ডিসমিসাল।