ক্লাব ফুটবলে দেশের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘বাংলাদেশ ফুটবল লিগ’ (বিএফএল)-এর শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। আজ শুক্রবার (১৫ মে) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।
২০১৮-১৯ মৌসুম থেকে টানা ৫ বার লিগ শিরোপা জয় করে বসুন্ধরা কিংস। গত মৌসুমে মোহামেডানের কাছে শিরোপা হারায় দলটি। এক মৌসুম বাদে লিগ ট্রফি পুনরুদ্ধার করল লাল-সাদা জার্সিধারীরা।
কুমিল্লায় শিরোপা নির্ধারণী ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। পেনাল্টি থেকে দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো কিংসকে এগিয়ে দেয়ার পর দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা সিনিয়র।
১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট পেয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আবাহনী।
২০০৭ সালে পেশাদার যুগে প্রবেশ করে বাংলাদেশের ফুটবল লিগ। এরপর থেকে সর্বোচ্চ ৬ বার শিরোপা জিতেছে ঢাকা আবাহনী। সর্বোচ্চ শিরোপা জেতার তালিকায় এখন থেকে তাদের সঙ্গে লেখা থাকবে বসুন্ধরা কিংসের নামটিও।
বসুন্ধরা কিংসের কাছেই রাজত্ব হারিয়েছে আবাহনী। কিংসের জন্মের পর কখনই লিগ শিরোপার স্বাদ পায়নি তারা। ঢাকার জায়ান্টরা সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল। এরপর চারবার রানার্সআপ হলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।
ফাহিম ৭২ মিনিটে বক্সে ঢুকে পড়লে তাকে বাধা দিয়ে পেনাল্টি হজম করেন আবাহনী অধিনায়ক আসাদুজ্জামান বাবলু। বাম দিকের টপ কর্নার দিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন (১-০)। ম্যাচের ৭৭ মিনিটে সোহেলে রানার গোলে শিরোপা নিশ্চিত হয়ে যায় কিংসের।
আজ আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি, ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিডব্লিউডি, ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ফর্টিসের জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানের লড়াই জমে উঠেছে। তাদেরও এখন আবাহনীর সমান ৩৪ পয়েন্ট। শেষ রাউন্ডে রানার্সআপ নির্ধারণ হবে।