ক্রিকেটের চরম অনিশ্চয়তার সাক্ষী হলো করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম। প্রেসিডেন্ট’স ট্রফির ম্যাচে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও ২ রানের এক শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। এই জয়ের মাধ্যমে তারা ভেঙে দিয়েছে ১৭৯৪ সালে গড়া ২৩২ বছরের এক প্রাচীন বিশ্ব রেকর্ড।
ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে এর আগে সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ডটি ছিল ওল্ডফিল্ডের। ১৭৯৪ সালে লর্ডসের ওল্ড গ্রাউন্ডে এমসিসির বিপক্ষে তারা মাত্র ৪১ রান ডিফেন্ড করে জয়ী হয়েছিল। শতাব্দী পেরিয়ে সেই রেকর্ডকে পেছনে ফেলে দিল পিটিভি। সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডকে (এসএনজিপিএল) মাত্র ৪০ রানের টার্গেট দিয়ে তারা গুটিয়ে দিয়েছে ৩৭ রানেই!
পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন এসএনজিপিএল-এর সামনে লক্ষ্য ছিল নামমাত্র। কিন্তু করাচির পিচ যেন হয়ে ওঠেছিল ব্যাটারদের বধ্যভূমি। বাঁহাতি স্পিনার আলী উসমান এদিন রুদ্রমূর্তি ধারণ করেন। কায়দে আজম ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারি উসমান মাত্র ৯ রান খরচায় শিকার করেন ৬টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন ফাস্ট বোলার আমাদ বাট, যিনি বাকি ৪টি উইকেট তুলে নিয়ে এসএনজিপিএল-এর ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
ম্যাচটি শুরু হয়েছিল একদম স্বাভাবিক গতিতে। প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রান করার পর এসএনজিপিএল ২৩৮ রান তুলে ৭২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে পিটিভি মাত্র ১১১ রানে অলআউট হলে এসএনজিপিএল-এর সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রান। অবিশ্বাস্য মনে হলেও, এই লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় তারা। দলীয় ২২ রানেই ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলটি শেষ পর্যন্ত ৩৭ রানে থমকে যায়। শান মাসুদসহ তিন ব্যাটসম্যান এদিন খাতা খোলার আগেই বিদায় নেন।