ফুটবলে আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের আসর ‘আফ্রিকা কাপ অব নেশনস ২০২১’
শুরু হচ্ছে আজ। নভেল করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে আসরটি মাঠে গড়াচ্ছে নতুন বছরে এসে। ২০২২ সালে বিশ্বে এটিই প্রথম বড় কোনো ফুটবল আসর।
ইউরোপের বিভিন্ন লিগে খেলা একঝাঁক তারকা নেশনস কাপে অংশ নিতে পা রাখছেন ক্যামেরুনের মাটিতে। আজ প্রথম দিনই বুরকিনা ফাসোর মুখোমুখি হবে স্বাগতিক দেশ। আজ ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ইথিওপিয়া খেলবে কেপ ভার্দের বিপক্ষে।
এ নিয়ে টানা দ্বিতীয় আসরে নেশনস কাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৪টি দল। তার মানে, চারটি করে দল নিয়ে মোট ছয়টি গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে শেষ ষোলোয়, সঙ্গে তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা চারটিও পাবে শেষ ষোলোর টিকিট। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও ১টায়। ২৩ জানুয়ারি শুরু হবে নকআউট পর্ব, যখন ম্যাচগুলো রাত ১০টা ও ১টায় শুরু হবে।
ফেভারিটের তালিকা করলে বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়াকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না, যারা ৩৪ ম্যাচে অপরাজিত। এই দলটির নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার রিয়াদ মাহরেজ।
লিভারপুল তারকা সাদিও মানের দল সেনেগাল গতবার ফাইনালে হেরে যায় আলজেরিয়ার কাছে। এবারো শিরোপার অন্যতম দাবিদার এ দলটি। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসরকে কি বাদ দিতে পারবেন? এই দলটিকে স্বপ্ন দেখিয়ে চলেছেন লিভারপুল সুপারস্টার মোহামেদ সালাহ, যিনি চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
ঘানা ও নাইজেরিয়া মহাদেশীয় আসরে অন্যতম সফল দুটি দল, যদিও ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তারা মোটেও ভালো করেনি। স্বাগতিক ক্যামেরুন এবার ষষ্ঠ নেশনস কাপ জয়ের লক্ষ্যে খেলবে। নিজেদের মাঠ বলে এবার আশাটা অনেক বড় ‘আফ্রিকার অদম্য সিংহ’খ্যাত দলটির।
চমক দেখাতে পারে মালি, যারা বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। যদিও তারা হোম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া অতীতের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট, মরক্কো আর তিউনিসিয়াও খেলবে এবারের নেশনস কাপে। প্রথমবারের মতো নেশনস কাপ খেলবে কমোরোস আর গাম্বিয়া। বিবিসি