চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪

শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পিএসজি, ছুটছে রিয়াল

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বুধবার রাতে টাইব্রেকারে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বুধবার রাতে টাইব্রেকারে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে লড়াইটি ৪-৪ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়, যাতে ৪-৩ গোলের জয় তুলে নেয় কার্লো অ্যানচেলত্তির দল। এর আগে মঙ্গলবার রাতে পিএসজির কাছে হার মানে বার্সেলোনা। প্রথম লেগে ২-৩ গোলে হেরেও আশা হারায়নি পিএসজি। ফিরতি লেগে বার্সাকে তাদেরই মাঠে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের জয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে ফরাসি জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের অন্য দুই সেমিফাইনালিস্ট ছয়বারের চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখ ও একবারের চ্যাম্পিয়ন একই দেশের বরুশিয়া ডর্টমুন্ড। 

রিয়ালের মাঠে প্রথম লেগের খেলা ড্র হয় ৩-৩ গোলে। ফিরতি লেগে জয়ের স্বপ্ন দেখছিল পেপ গার্দিওলার সিটি। এ লেগে রিয়ালকে কোণঠাসা করে রাখে সিটিজেনরা। ৬৭ শতাংশ বল দখলে ছিল তাদের। স্বাগতিকদের ৩৩ শটের বিপরীতে রিয়াল গোলমুখে শট নেয় আটটি এবং সিটির নয়টি অনটার্গেট শটের তুলনায় রিয়াল অনটার্গেট শট নেয় তিনটি। যদিও ম্যাচ শেষে বিজয়ী দলটির নাম রিয়াল মাদ্রিদ!

গত বছর ট্রেবল জিতে ইতিহাস গড়া ম্যানসিটি এবারো সেই সম্ভাবনা জাগিয়ে রেখেছিল। যদিও ইতিহাদে স্বপ্নের সমাধি ঘটল তাদের। স্প্যানিশ দলটির বিপক্ষে দাপট দেখিয়ে পরাজিত হওয়ার পর বিমর্ষ সিটি কোচ গার্দিওলার প্রতিক্রিয়া ছিল এ রকম, ‘ইয়োহান ক্রুইফ বলেছেন, ভাগ্য বলতে কিছু আর নেই। আমি তার সঙ্গে একমত। এভাবে পরাজিত হওয়াটা কষ্ট দেয়। আমাদের খুবই খারাপ লাগছে, কিন্তু আমরা সবকিছুই করেছি। আমরা যা করেছি তা নিয়ে কারো আক্ষেপ নেই।’

তিনি আরো বলেন, ‘রিয়ালকে হারাতে আপনাকে সেরাটা দিতে হবে। আমরা সেরাটা ঠিকই দিয়েছি, তবে সেটি যথেষ্ট ছিল না। আমরা সুযোগগুলোকে গোলে রূপ দিতে পারিনি। সব বিভাগে আমরা অবিশ্বাস্য খেলেছি, যদিও দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি।’ 

এদিকে কাতার সরকারের মালিকানাধীন ক্লাব পিএসজির ইউরোপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার বার্সার বিপক্ষে করেন জোড়া গোল। এছাড়া ওসমান দেম্বেলে ও ভিতিনহা একটি করে গোল পান। তিনি বড় মঞ্চের পরীক্ষিত নাম। আরেকবার তিনি সামর্থ্যের প্রমাণ রাখলেন। তবে কি এবার পিএসজির দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে তারই হাত ধরে? এমবাপ্পের ওপর পিএসজি সমর্থকদের প্রত্যাশাও অনেক। 

একটি বিশ্বকাপ ও পাঁচটি লিগ ওয়ান শিরোপা জিতে এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়ে নিয়েছেন ফরাসি বিস্ময় খেলোয়াড় এমবাপ্পে। তবে একটি অপূর্ণতা তার রয়েছে—পিএসজির হয়ে কখনো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি এবং পিএসজিও কখনো ইউরোপসেরার মুকুট পরতে পারেনি। এ স্বপ্নপূরণের সুযোগ এসেছে এবার। 

মঙ্গলবার রাতে জয় শেষে এমবাপ্পে বলেন, ‘প্যারিসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন আমার। পিএসজিতে আসার পর প্রথম দিন থেকেই আমি গর্বিত। আমার দেশের রাজধানী শহরের এ ক্লাবটির হয়ে খেলতে পেরে আমি গর্বিত। এখানে বেড়ে উঠতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। একজন প্যারিসিয়ান হিসেবে এমন একটি সন্ধ্যা আমার জন্য দারুণ অভিজ্ঞতার। ওয়েম্বলি ফাইনালে যাওয়ার আগে আমাদের সামনে আরেকটি ধাপ রয়েছে, কাজেই আমাদের শান্ত থাকতে হবে।’

ইংলিশ গ্রেট রিও ফার্দিনান্দ বলেন, ‘কখনো কখনো মানুষজন বলবে, এবার তোমার সময়। আমার মনে হয়, এবার এমবাপ্পের সময়। সে উচ্চ মানসম্পন্ন এক খেলোয়াড়। এখন সেমিফাইনালের দুই লেগে তার সামনে বড় পরীক্ষা।’

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল হয়ে গেল এমবাপ্পের। নকআউট পর্বে অন্যের মাঠে ১২ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। অন্যের মাঠে নকআউট ম্যাচে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো (৩৯ ম্যাচে ২৩ গোল)। 

মঙ্গলবার রাতে জার্মানির সিগনাল ইদুনা পার্কে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল মাদ্রিদের দলটি।

বুধবার রাতে আরেক ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে বাভারিয়ানরা জিতেছে ৩-২ গোলে। সেমিফাইনালের চার দলের মধ্যে শুধু পিএসজিই শিরোপার স্বাদ পায়নি। বাকি তিন দলের দখলে ২১ শিরোপা! 

সেমিফাইনালের প্রথম লেগে ৩০ এপ্রিল রিয়াল-বায়ার্ন ও ১ মে পিএসজি-ডর্টমুন্ড খেলা। এরপর ৭ মে পিএসজি-ডর্টমুন্ড ও ৮ মে রিয়াল-বায়ার্ন দ্বিতীয় লেগের লড়াই।

আরও