সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে রোববার দ্বিতীয় দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল তিন উইকেটে ১১০ রান। লিড ছিল ১৫৬ রানের। আজ সোমবার তৃতীয় দিন মুশফিকুর রহিম ও লিটন দাসের দৃঢ়তায় লিড তিনশ পেরিয়ে যায়। ৬ উইকেটে ৩০৭ রান তুলে চা বিরতিতে যায় টাইগাররা। লিড ৩৫৩ রানের। মুশফিক ৯০ ও তাইজুল ইসলাম ৮ রানে অপরাজিত রয়েছেন।
পঞ্চম উইকেটে ১৮৮ বলে ১২৩ রান যোগ করেন মুশফিক ও লিটন। প্রথম ইনিংসে বাংলাদেশকে বাঁচানো ইনিংস খেলেন লিটন (১২৬)। আজও দলের প্রয়োজনে চওড়া হলো তার ব্যাট। তার সঙ্গে লড়লেন দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান ও যুগ্মভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক মুশফিক। তিনি এখন ছুটছেন সর্বোচ্চ ১৪তম সেঞ্চুরির দিকে। তাইজুলকে নিয়ে গড়েছেন ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি।
ঢাকা টেস্টে ১০৪ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার ২-০ করার দারুণ সুযোগ তৈরি হয়েছে। ২০২৪ সালে পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০তে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ এবং ওই সিরিজেই প্রথম পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় করে টাইগাররা।