সৌদি আরবের আল নসর ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো
রোনালদো। ২০২৫ সাল পর্যন্ত ওই দলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খবর বিবিসি।
গত মাসে নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচকে
নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন রোনালদো। এরপর বিশ্বকাপের মাঝে ইংলিশ ক্লাবটি
ছাড়েন পর্তুগালের অধিনায়ক।
আল নসরে খেলার জন্য বছরে ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড
পারিশ্রমিক পাবেন রোনালদো। যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বেতন।
নতুন দল প্রসঙ্গে ৩৭ বছর বয়সী ফুটবলার জানান,
একটি ভিন্ন একটি দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আগ্রহী তিনি। ইউরোপের পর এশিয়াতে
নিজের অভিজ্ঞতার বিনিময়ের ‘এখনই সঠিক সময়’ বলেও মনে করেন।
সৌদি প্রো-লিগে নয়বারের চ্যাম্পিয়ন আল নসর
এই চুক্তিকে ‘ইতিহাস সৃষ্টিকারী’ হিসেবে উল্লেখ করেছে। ক্লাবটি বলছে, রোলানদো ভবিষ্যৎ
প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।
এর আগে রোনালদোকে ৩০ কোটি পাউন্ডের প্রস্তাব
দেয় সৌদি দল আল হিলাল। তখন তিনি ম্যানইউ নিয়ে খুশি ছিলেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬টি খেলায়
১৪৫টি গোল করেন রোনালদো। এছাড়া জুভেন্টাস ও রিয়েল মাদ্রিদে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
পর্তুগালের হয়ে রোনালদো সম্প্রতি কাতার বিশ্বকাপ
খেলেছেন। এর মাধ্যমে পাঁচটি ভিন্ন ফিফা বিশ্বকাপে গোল করা প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস
তৈরি করেছেন তিনি।