পরাশক্তি অস্ট্রেলিয়াকে আজ হোয়াইটওয়াশ করার সুযোগ

ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে প্রায় ২১ বছর পর প্রথমবার হারানোর পরের ম্যাচেই আসে সিরিজ জয়ের গৌরব।

বাংলাদেশ দলের জয়যাত্রা থেমে যাচ্ছে না হয়তো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ৩-০ করার মিশন নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে টাইগাররা। খেলা শুরু হবে বেলা ১১টায়।

কয়েক মাস আগে এমন ফল কেউ চিন্তাও করত না। এখন সেটাই বাস্তবে ঘটছে। গত কয়েক মাসে দারুণ উন্নতি করেছে টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টানা ওয়ানডে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। সম্প্রতি ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। ভিন্ন ফরম্যাট হলেও সেই জয়ের ইতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়া সিরিজে।

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কী হয়েছে—সবার মুখে মুখে এখন এমন গুঞ্জন। তাদের টপ অর্ডার ব্যাটাররা নামের প্রতি সুবিচার করতে পারছেন না। মিডল অর্ডারও বিবর্ণ। গত ম্যাচে মারনাস লাবুশেনকে ৭ নম্বরে নামানো হয়। তিনি ১৪ ইনিংস পর অবশেষে ফিফটি করেছেন। বোলার জাভিয়ের বার্টলেট ব্যাট হাতে ফিফটি করে দলকে লজ্জা থেকে বাঁচান। তবে হার থেকে বাঁচাতে পারেননি।

অস্ট্রেলিয়ার বোলিংও নখদন্তহীন। বার্টলেট আর নাথান এলিস নতুন বলে ভীতি ছড়ালেও প্রতি আক্রমণ করে শেষ পর্যন্ত তাদের হুংকার থামিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। বিপরীতে বাংলাদেশের পেস বোলিং ইতিহাসের সেরা সময় পার করছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা প্রতিপক্ষকে বিপর্যস্ত করে তুলেছেন প্রতিটি ম্যাচে। গত ম্যাচে মুস্তাফিজ ও তাসকিন উভয়ই নিয়েছেন সমান ৩ উইকেট। প্রথম ম্যাচে নাহিদ রানা ৪ উইকেট নিয়ে দলকে জিততে সাহায্য করেন। আজ এ ত্রয়ী আবার একত্রে জ্বলে উঠলে হোয়াইটওয়াশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ছিল বাংলাদেশের। সিরিজ জয় তো কল্পনাতেও আনেনি। সেই বাংলাদেশ আজ ৩-০ করতে পারলে তা হবে নিজেদের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক এক ঘটনা। একেবারে স্পোর্টিং উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো তাসকিন, শান্তদের জন্য বিরাট গৌরবেরই হতে পারে। দ্বিতীয় ম্যাচ শেষে তাসকিন তাই বলছিলেন, তারা এখন আর ‘ধানখেতে’ খেলেন না।

মিরাজ দ্বিতীয় ম্যাচে আঘাত পেয়েছেন (কনকাশন)। আজ তার না খেলার সম্ভাবনা বেশি। তিনি বেশ উন্নতি করেছেন বলে জানিয়েছে বিসিবি। আজ সকালে তার অবস্থা পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নেয়া হবে, তিনি খেলবেন কিনা। মিরাজ না খেললে তার জায়গায় দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। নুরুল হাসান সোহান ব্যাটার হিসেবে একাদশে আসতে পারেন। আর পেস বোলার শরিফুল ইসলামকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বিশ্রাম পাবেন নাহিদ রানা।

অস্ট্রেলিয়া তাদের একাদশে খুব বেশি পরিবর্তন আনে না। তবে দুটি ম্যাচে হেরে যাওয়ায় আজ বেশ কয়েকটি পরিবর্তন আসতেও পারে।

উইকেটের চরিত্র প্রথম ও দ্বিতীয় ওয়ানডের মতোই হবে। তবে দুই দলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে বৃষ্টি। আজ ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও