উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসে এ লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
রেকর্ড বায়ার্নের হয়ে কথা বললেও বর্তমান ফর্ম আর শক্তির বিচারে আজকের লড়াইটা ভীষণ উত্তেজনাপূর্ণ হওয়ার দাবি রাখে। লুইস এনরিকের পিএসজি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে, আর ভিনসেন্ট কম্পানির বায়ার্ন মিউনিখ সদ্যই ৩৫তম জার্মান বুন্দেসলিগা শিরোপা জিতে ভীষণ উজ্জীবিত মেজাজে রয়েছে। ট্রেবল জয়ের আশা নিয়ে খেলবে বাভারিয়ানরা।
বায়ার্নের জন্য অসুবিধার হলো, নিষেধাজ্ঞার কারণে আজ পার্ক দেস প্রিন্সেসের ড্রেসিংরুম কিংবা টাচলাইনে থাকতে পারবেন না কম্পানি।
গত নভেম্বর মাসে পিএসজির মাঠে লিগ পর্বের খেলায় ২-১ গোলের জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখ। তখন জোড়া গোল করেছিলেন লুইস দিয়াজ। এছাড়া, ২০১৯-২০ মৌসুমের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় পিএসজি। গতবার ফাইনালে ইন্টার মিলানকে গোলবন্যায় ভাসিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় ফরাসি দলটি।
দুইবারের ফাইনালিস্ট পিএসজি টানা তৃতীয় সেমিফাইনালে মাঠে নামছে। তারা এমন এক দলের মুখোমুখি হবে যারা ২৪ জানুয়ারির পর কোনো প্রতিযোগিতায় হারেনি এবং সর্বশেষ পাঁচ ম্যাচে করেছে ১৯ গোল।
অনবদ্য এক মৌসুম কাটাচ্ছেন ইংল্যান্ড জাতীয় দলের ফরওয়ার্ড হ্যারি কেন। শনিবার তিনি চলতি মৌসুমে নিজের ৫৩তম গোল করেছেন। ওই ম্যাচে প্রথমে তিন গোল খেয়েও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় তুলে নেয় বায়ার্ন। শনিবার অ্যাঞ্জার্সকে ৩-০ গোলে হারিয়ে বায়ার্ন ম্যাচের প্রস্তুতি সেরে রেখেছে পিএসজি।
বুধবার আরেক সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে আর্সেনাল।