বাংলাদেশ নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের প্রতিটি রেইড ও প্রতিটি ট্যাকল প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

এশিয়ান বিচ কাবাডিতে থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, ‘১৭ পয়েন্টের এই ব্যবধানে জয় শুধু একটি ম্যাচের ফলাফল নয়, বরং এটি মেয়েদের অদম্য সাহস, কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি। বালুচরে খেলোয়াড়রা যেভাবে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন, তা গোটা জাতিকে গর্বিত করেছে।’

প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের প্রতিটি রেইড ও প্রতিটি ট্যাকল প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই জয় দেশের হাজারো তরুণীকে কাবাডির প্রতি আগ্রহী করবে এবং আগামী দিনে আরো বড় সাফল্যের পথ তৈরি করবে।’

তার মতে, দলের নিবেদন ও টিম স্পিরিট নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি কামনা করেন, দলের এই জয়ের ধারা যেন অব্যাহত থাকে এবং এশিয়ার বুকে বাংলাদেশের নাম যেন আরো উজ্জ্বল হয়।

আরও