লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আগামীকাল রাত ২টায় ২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারজয়ীর হাতে তুলে দেয়া হবে ঝলমলে ট্রফি। ১৯৫৬ সাল থেকে বিশ্বের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করে আসছে ‘ফ্রান্স ফুটবল ম্যাগাজিন’। ৭০তম ব্যালন ডি’অর পুরস্কারটি কে জিতে নেবেন, তা নিয়ে এখন জোর গুঞ্জন। এ রেসে আছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেসহ শীর্ষ তারকারা। লন্ডনে ব্যালন ডি’অরের তারকাখচিত অনুষ্ঠানের প্রায় ২৪ ঘণ্টা আগে আজ রাতে বার্সেলোনার মাঠে ‘এল ক্ল্যাসিকো’। ব্যালন ডি’অর জয়ের রেসে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় দলের খেলোয়াড়রা এগিয়ে থাকায় এল ক্ল্যাসিকোর উত্তাপ যেন বেড়েছে বহু গুণ।
ঐতিহ্যগতভাবেই ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান হয় প্যারিসে। এ প্রথম লন্ডনে বসছে ব্যালন ডি’অর নাইট। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। তারই স্মরণে ও সম্মানে এবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা লন্ডনে আয়োজন করা হচ্ছে।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও লা’কিপ পত্রিকার সাংবাদিকরা মিলে প্রথমে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন কয়েক মাস আগে। এ তালিকায় র্যাংকিং করবেন বিশ্বের ১০০ নির্বাচিত সাংবাদিক। তারাই ভোট দিয়ে সেরা ফুটবলার নির্বাচিত করবেন। এখানে ব্যক্তিগত নৈপুণ্য, জয় নির্ধারক কিংবা মনোমুগ্ধকর পারফরম্যান্স; সমন্বিত পারফরম্যান্স ও শিরোপা জয় এবং মান ও ফেয়ার প্লে—তিনটি বিষয় বিবেচনায় নেয়ার পরামর্শ দেয়া হয় জুরিদের।
ক্লাব ফুটবলে বিশ্বে সবচেয়ে বড় লড়াই হিসেবে বিবেচিত এল ক্ল্যাসিকো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে বাড়তি উত্তাপ নিয়ে আসছে ব্যালন ডি’অর। বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার রেসে থাকা ইয়ামাল ও এমবাপ্পে চাইবেন আজ বিজয়ী হয়েই লন্ডনে ব্যালন ডি’অর নাইটে যোগ দিতে। অন্যদিকে, প্রায় নিখুঁত ফুটবল খেলা বার্সেলোনার বিপক্ষে এ ম্যাচটি জিতে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে মরিয়া রিয়াল মাদ্রিদ।
লা লিগা মানেই উত্তাপের ম্যাচ। তবে চলতি মৌসুমে এটা দুই দলের প্রথম লড়াই বলে চাপ আরো বেশি থাকছে। ৬ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা চাইবে নভেম্বরেই শিরোপার রেসে ১২ পয়েন্ট এগিয়ে গিয়ে সংহত একটা অবস্থান তৈরি করতে। রিয়ালের জন্যও এটা ফেরার লড়াই, বার্সাকে থামানোর লড়াই। সর্বশেষ গত ১০ মে ঘরের মাঠে ২-০ গোলে রিয়ালকে হারায় কাতালানরা। গত মৌসুমে লা লিগার প্রথম লড়াইয়ে অবশ্য রিয়ালই জয় পায়।
লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। নয় ম্যাচের সবগুলোতেই জিতেছে ইয়ামালের দল (২৭ পয়েন্ট)। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ৯ ম্যাচে ৭টি জিতে ও ২টিতে হেরে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য বার্সেলোনা বড় হারের তেতো স্বাদ পেয়েছে, আর রিয়াল বড় ব্যবধানে জিতেছে। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে ২-৪ গোলে হেরে এসেছে বার্সেলোনা। ইয়ামাল গোল করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। পরদিন ঘরের মাঠে জার্মানির আর বি লিপজিগকে ৪-১ গোলে হারিয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ব্যালন ডি’অর পুরস্কারপ্রত্যাশী এমবাপ্পে। তিনি একটি গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন এক গোলে।
লিগে টানা নয় জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে বার্সেলোনা। পিএসজির কাছে হারের পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া হ্যান্সি ফ্লিকের দল আর লিগে ১০-০ করতে চাইবে।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয়েই সমান ১০৬টি করে জয় তুলে নিয়েছে, ড্র হয়েছে ৫২টি ম্যাচ। আজ উভয় দলের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। এল ক্ল্যাসিকোয় সর্বোচ্চ ২৬টি গোল করেছেন লিওনেল মেসি, রিয়ালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ১৮টি। বিবিসি, এসআই