‘আমি ভালো কিছু বলিনি, তিনিও না’, বিতর্কিত রানআউট নিয়ে মুখ খুললেন সালমান আগা

'নিয়ম অনুযায়ী মিরাজ যা করেছে তা বৈধ, কিন্তু আমার জায়গা থেকে দেখলে আমি এমনটা করতাম না।'

আগা বলেন, ‘আমি নিশ্চিত যে আমি ভালো কিছু বলিনি, আর লিটনও (দাস) ভালো কিছু বলছিল না। তবে এসবই ছিল মুহূর্তের উত্তেজনার ফল। আমরা এখন শান্ত আছি।‘ তিনি আরো বলেন, ‘মাঠের ওই পরিস্থিতিটা ছিল হিট অব দ্য মোমেন্ট। আমি এখন আর মনে করতে পারছি না আমি কী বলেছিলাম বা সে কী বলেছিল।'

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আলোচনার কেন্দ্রে একটি বিতর্কিত রানআউটের ঘটনা। পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগাকে আউট করার এ ঘটনাটি ক্রিকেট বিশ্বে ‘স্পিরিট অব ক্রিকেট’ বা ক্রিকেটীয় চেতনার জায়গা থেকে বিতর্কের জন্ম দিয়েছে। মেহেদী হাসান মিরাজের করা রানআউট নিয়ে সালমান আলী আগা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেও, লিটন দাসের সঙ্গে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে বেশ অকপট ছিলেন।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজের বলে মোহাম্মদ রিজওয়ান বলটি ড্রাইভ করেন, যা মিরাজের পায়ে লেগে কিছুটা দিক পরিবর্তন করে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আগা বলটিকে 'ডেড' মনে করে তা কুড়িয়ে মিরাজকে ফেরত দেয়ার চেষ্টা করেন। সে সময় তিনি ছিলেন ক্রিজের বাইরে। কিন্তু মিরাজ ক্ষিপ্রতার সঙ্গে বলটি কুড়িয়ে সরাসরি স্টাম্প ভেঙে দেন। টিভি আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে আগা মাঠ ছাড়ার সময় গ্লাভস ও হেলমেট ছুড়ে ফেলে নিজের চরম বিরক্তি প্রকাশ করেন। এ সময় উইকেটরক্ষক লিটন দাসের সঙ্গেও তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আগা বলেন, ‘আমি নিশ্চিত যে আমি ভালো কিছু বলিনি, আর লিটনও (দাস) ভালো কিছু বলছিল না। তবে এসবই ছিল মুহূর্তের উত্তেজনার ফল। আমরা এখন শান্ত আছি।‘ তিনি আরো বলেন, ‘মাঠের ওই পরিস্থিতিটা ছিল হিট অব দ্য মোমেন্ট। আমি এখন আর মনে করতে পারছি না আমি কী বলেছিলাম বা সে কী বলেছিল।'

তবে নিজের প্রতিক্রিয়ার জন্য কিছুটা অনুশোচনাও প্রকাশ করেছেন তিনি। আগা বলেন, ‘ক্রিকেটে খেলার চেতনা বা স্পোর্টসম্যান স্পিরিট থাকাটা খুব জরুরি। নিয়ম অনুযায়ী মিরাজ যা করেছে তা বৈধ, কিন্তু আমার জায়গা থেকে দেখলে আমি এমনটা করতাম না। আমি খেলার চেতনার ওপর গুরুত্ব দিতাম। আমরা অতীতে এমনটা কখনো করিনি, ভবিষ্যতেও করব না।‘

মিরাজের সঙ্গে আপস হয়েছে কি না জানতে চাইলে রসিকতা করে তিনি বলেন, ‘এখনো হয়নি, তবে চিন্তা করবেন না, আমি তাকে খুঁজে বের করব।‘

বিতর্কিত এই আউটের ম্যাচে পাকিস্তান ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানের বড় ব্যবধানে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে।

আরও