ভারতীয় ক্রিকেট দলের ২০২৫ সালের আগস্টে বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরে দুই বোর্ডের সমঝোতায় সফরটি পিছিয়ে এ বছরের সেপ্টেম্বরে আনা হয়। সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে হওয়ার কথা ১ সেপ্টেম্বর। এ সময়ও সিরিজটা অনিশ্চিত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলছে, অনুমতি নিতে সরকারের দ্বারস্থ হতে যাচ্ছে তারা।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ওই সূত্র জানিয়েছেন, বাংলাদেশ সফর নিয়ে এ মুহূর্তে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নেয়ার অবস্থায় নেই বোর্ড। সরকারের নির্দেশনা ও অনুমতির জন্য শিগগিরই যোগাযোগ করবে তারা।
তিনটি ওয়ানডে হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর রয়েছে তিন টি-টোয়েন্টি। সিরিজ দুটি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের ঢাকায় পৌঁছানোর কথা ২৮ আগস্ট।
তবে সিরিজটি মাঠে গড়াবে কিনা, সেটি কেবলই বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে না, এটি ভারত সরকারের নির্দেশনার ওপর নির্ভর করছে। ওই সূত্র বলেন, ‘বাংলাদেশ সফরের বিষয়ে অনুমতি ও স্পষ্ট ধারণার জন্য আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব। এ মুহূর্তে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব।’
তিনি আরো বলেন, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগও হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আরো পরিষ্কার হওয়া যাবে।’
দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটে এ বছরের শুরুর দিকে কিছু ঘটনায়। উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেয় বিসিসিআই। এর প্রতিবাদে ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় ম্যাচ খেলার দাবিও পূরণ হয়নি বাংলাদেশের।