সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলতে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। ১৭ বছর পর দেশটিতে আবারো লাল বলের ক্রিকেট খেলার জন্য যাবে ইংলিশরা। আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বেন স্টোকস ও জনি বেয়ারস্টোরা। আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন টেস্টের সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী আগামী ১-৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। মুলতানে ৯-১৩ ডিসেম্বর দ্বিতীয় এবং করাচিতে ১৭-২১ ডিসেম্বর তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
এর আগে আগামী সেপ্টেম্বরে ৭ ম্যাচের টি২০ সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড। ওই মাসের ২০ তারিখে প্রথম টি২০ ম্যাচটি মাঠে গড়াবে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ক্লেয়ার কনর বলেছেন, ২০০৫ সালের পর আমাদের টেস্ট দল প্রথমবার পাকিস্তান সফর যাবে। এই প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক উপলক্ষ হবে। হিন্দুস্তান টাইমস