ইউএস ওপেন

টানা ১৮ জয়ে শেষ আটে সাবালেঙ্কা

এটা ইউএস ওপেনে সাবালেঙ্কার ১৮তম জয়। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার শিরোপা জয়ের পর এবার জিতলেন টানা চার ম্যাচ। ২৮ বছর বয়সী সাবালেঙ্কা প্রথম নারী হিসেবে ইউএস ওপেনে টানা ছয়বার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সর্বশেষ ২০১৬ সালে এ কীর্তি গড়েছিলেন সেরেনা।

সাবেক টেনিস গ্রেট সেরেনা উইলিয়ামসের রেকর্ড ছুঁয়ে ফেলে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে মেয়েদের চতুর্থ রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের টেইলর টাউনসেন্ডকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। এ নিয়ে রেকর্ড টানা ষষ্ঠবারের মতো ফ্লাশিং মিডোতে শেষ আটে উঠলেন সাবালেঙ্কা।

দ্বিতীয় সেটে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েন সাবালেঙ্কা, পিছিয়ে পড়েন ১-৩-এ। যদিও এরপর টানা পাঁচটি গেম জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করেন এ বেলারুশিয়ান তারকা। এটা ইউএস ওপেনে তার ১৮তম জয়। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার শিরোপা জয়ের পর এবার জিতলেন টানা চার ম্যাচ। ২৮ বছর বয়সী সাবালেঙ্কা প্রথম নারী হিসেবে ইউএস ওপেনে টানা ছয়বার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সর্বশেষ ২০১৬ সালে এ কীর্তি গড়েছিলেন সেরেনা।

লিন্ডা নসকোভার কাছে হার মানেন মার্তা কস্তিউক। ছবি: এপি

সর্বশেষ খেলোয়াড় হিসেবে টানা তিনবার ইউএস ওপেন জিতেছেন সেরেনা। সাবালেঙ্কার সেই কীর্তি ছুঁয়ে ফেলতে আর তিনটি জয় চাই। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে তিনি মুখোমুখি হবেন চেক রিপাবলিকের লিন্ডা নসকোভার। শেষ ষোলোর আরেক ম্যাচে ইউক্রেনের মার্তা কস্তিউককে ৭-৫, ৫-৭, ৬-৪ গেমে হারান নসকোভা।

এদিকে, এ বছর অবসর নিতে চলা রোমানিয়ান খেলোয়াড় সোরানা কিরস্টিয়াকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। এছাড়া, ছেলেদের এককে দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ, যুক্তরাষ্ট্রের বেন শেলটন, মেয়েদের এককে যুক্তরাষ্ট্রের এমা নাভারো উঠেছেন শেষ আটে।

আরও