ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নামার আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা জেতা বা না জেতার চেয়েও দীর্ঘ পথচলা, কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানো এবং দল হিসেবে গড়ে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন আলবিসেলেস্তেদের দশ নম্বর তারকা।

রোববার নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটি মেসির টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দলের একাধিক ছবি প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দেন তিনি।

মেসি লিখেছেন, ‘এই বছরগুলোর সবচেয়ে সুন্দর বিষয় কখনোই শুধু শিরোপাগুলো ছিল না, বরং পুরো যাত্রাটাই ছিল। এই দলের সঙ্গে প্রতিটি দিন ভাগ করে নেয়া, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো এবং পথের প্রতিটি ধাপ উপভোগ করা—এসবই সবচেয়ে মূল্যবান।’

দীর্ঘ এ যাত্রায় পাশে থাকা সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। তিনি বলেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা প্রতিদিন কাজ করে এই দলটিকে একটি পরিবার হিসেবে ধরে রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

ফাইনালের ফল যা-ই হোক, বর্তমান আর্জেন্টিনা দল ইতোমধ্যেই এমন একটি ইতিহাস তৈরি করেছে, যা কখনো মুছে যাবে না বলেও মন্তব্য করেন মেসি। তিনি লিখেছেন, ‘ফাইনালে যা-ই ঘটুক না কেন, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস লিখেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন মেসি। এবার স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হবে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে মেসির হাতে উঠবে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।

আরও