ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম পরাজয় উপহার পেল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে লা লিগায় সেল্টা ভিগোর কাছে ২–০ গোলে হারার পাশাপাশি রিয়ালের দুই খেলোয়াড় দেখেছেন লাল কার্ড। সঙ্গে এদার মিলিতাওয়ের ইনজুরিতে গভীর সঙ্কটে জাবি আলোনসোর দল। লিগে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানও বেড়ে গেল রিয়ালের।
ম্যাচের ৫৪তম মিনিটে সেল্টার উইলিয়ট সুইডবার্গ দারুণ এক ফ্লিক শটে দলকে এগিয়ে নেন। গোল হজমের মাত্র দশ মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। ইনজুরি টাইমে আরেক ডিফেন্ডার আলভারো ক্যারেরাসও সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে গেলে নয়জন নিয়ে শেষ করতে হয় ম্যাচ।
সংখ্যায় কমে যাওয়া রিয়ালের বিপরীতে সেল্টা ম্যাচের শেষ দিকে দ্রুত কাউন্টার অ্যাটাকে আরেকটি গোল করে। সুইডবার্গের সেই গোলেই নিশ্চিত হয় অতিথি দলের জয়। এর ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯ বছর পর জয় পেলো সেল্টা ভিগো।
রিয়ালের এই হার লা লিগায় তাদের দ্বিতীয় পরাজয়। এর আগে সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের মাঠে বড় ব্যবধানে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়নস লিগের লিগপর্বেও নভেম্বরে লিভারপুলের কাছে পরাজিত হয়েছিল আলোনসোর শিষ্যরা।
সেল্টার বিপক্ষে সুযোগ মিস করেছেন ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। দুজনই গোল করার মতো অবস্থানে গিয়েও জাল খুঁজে পাননি। প্রথমার্ধেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতাওকে।
এ পরাজয়ের ফলে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল। বার্সা আগের দিন রিয়াল বেতিসকে ৫–৩ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান আরো মজবুত করেছে। তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল রিয়ালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে এবং তাদের হাতে একটি ম্যাচ বেশি।
অন্যদিকে টানা তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়ে সেল্টা উঠে এসেছে লিগ টেবিলের ১০ম স্থানে।