ম্যাকাই টেস্ট শুরু আজ

সিরিজটা ২-০ করতে পারবে বাংলাদেশ?

অস্ট্রেলিয়া ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে কখনই ২-০ ব্যবধানে হারেনি। এবার প্যাট কামিন্সের দলকে সেই লজ্জার মুখোমুখি কি করতে পারবে বাংলাদেশ দল?

আজ সকাল ৬টায় ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইন টেস্ট জিতে নেয়ায় অস্ট্রেলিয়ার মাঠে ১-০-তে এগিয়ে থেকে আজ মাঠে নামছে টাইগাররা।

এ মুহূর্তে ক্রিকেট বিশ্বে আলোচিত এক দলের নাম বাংলাদেশ। ডারউইন টেস্টে পুরো চারটি দিন কর্তৃত্ব করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এটা অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম জয়, সব মিলিয়ে সাত ম্যাচের মধ্যে দ্বিতীয় জয়। নাজমুল হোসেন শান্তদের সামনে আরো ইতিহাস গড়ার হাতছানি। অজিরাও চাইবে পরাজয়ের গ্লানি ভুলে এ টেস্টটা জিতে নিতে। এ টেস্টে ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে ম্যাট রেনশকে একাদশে ডেকেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হোম রেকর্ড বিবেচনায় ডারউইনের জয়টি ছিল বাংলাদেশের জন্য অভাবনীয়। কোচ ফিল সিমন্স তো বলেই দিয়েছেন, এটা তার জন্য সেরা জয়। অধিনায়ক শান্তও বলেছেন, এটা তার ক্যারিয়ারের সেরা জয়। ডারউইনে জয়ের পর কল্পনার সুখরাজ্যে বিচরণ করা টাইগারদের সামনে এবার অজিদের হারানোর আরেকটি চ্যালেঞ্জ এসেছে। দেখার বিষয় এবার স্বাগতিক দলকে চমক দিতে পারে কিনা অতিথিরা।

ডারউইনের জয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশকে সংহত অবস্থান গড়ে দিয়েছে। এবার ম্যাকাইতেও জিতলে তিনে উঠে যাবে নাজমুল হোসেনের দল। তবে সেখানে পৌঁছতে চাইলে ডারউইনের চেয়েও বেশি কিছু করতে হবে তাদের।

বোলিংয়ে নিরবচ্ছিন্নভাবে লাইন ও লেংথ বজায় রেখে বোলিং করে যাওয়া আর ব্যাটিংয়ে অস্বাভাবিক ধৈর্যের পরিচয় দিয়েই ডারউইনে সফলতা পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এরপর ব্যাটাররা ২২৬ রানের লিড এনে দেন বাংলাদেশ দলকে। ৯ উইকেট নিয়ে ডারউইনের ম্যাচসেরা পেস বোলার হাসান মাহমুদ। ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখেন তানজিদ হাসান তামিম।

জয়-পরাজয় নয়, বাংলাদেশ দলনায়ক শান্তর ভাবনায় পাঁচদিনই ভালো ক্রিকেট খেলা। গতকাল গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচদিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’

ডারউইন টেস্টের জয়কে পেছনে ফেলে ম্যাকাই টেস্টটা নতুনভাবে শুরু করতে চান শান্ত ও তার সতীর্থরা।

আরও