চ্যাম্পিয়নস লিগ

গোলরক্ষকের ভুলে পিএসজির বড় জয়, চেলসির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ

ইয়োর্গেনসেনের একটি ভুল পাস থেকে ভিতিনিয়া গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। সেই ভুলের মানসিক ধাক্কা সামলে ওঠার আগেই বদলি হিসেবে নামা কাভিশা কাভারাসখেইয়া ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। শেষ দিকে তার জোড়া গোল চেলসিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।

ফিলিপ ইয়োর্গেনসেনের জন্য রাতটা ছিল যেন সাক্ষাৎ দুঃস্বপ্ন! ম্যানেজার লিয়াম রোসনিয়র হয়তো প্রকাশ্য জনসমক্ষে তাকে অপমান করেননি, কিন্তু চেলসি গোলরক্ষকের যে বিব্রতকর অবস্থা হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। রক্ষণের পেছন থেকে পাস খেলে ফুটবলীয় কারিশমা দেখানোর চেষ্টা আধুনিক ফুটবলে বেশ প্রশংসিত, কিন্তু যখন তা বুমেরাং হয়ে ফিরে আসে তখন তার ফলাফল হয় চেলসির এই ৫-২ গোলের শোচনীয় হারের মতোই। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেই পিএসজির কাছে এই পরাজয় চেলসিকে এখন স্ট্যামফোর্ড ব্রিজে এক প্রায় অসম্ভব পাহাড়সম চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।

ম্যাচের শুরু থেকে ৭৪ মিনিট পর্যন্ত চেলসির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিল তারা। কিন্তু এরপরের ২০ মিনিট ছিল স্রেফ বিপর্যয়ের গল্প। ইয়োর্গেনসেনের একটি ভুল পাস থেকে ভিতিনিয়া গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। সেই ভুলের মানসিক ধাক্কা সামলে ওঠার আগেই বদলি হিসেবে নামা কাভিশা কাভারাসখেইয়া ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। শেষ দিকে তার জোড়া গোল চেলসিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।

রবার্ট সানচেজকে বসিয়ে ইয়োর্গেনসেনকে খেলানোর যে ঝুঁকি রোসনিয়র নিয়েছিলেন, তা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইয়োর্গেনসেনের একটি ভুল ক্লিয়ারেন্সের পর চেলসির ভাইস-ক্যাপ্টেন এনজো ফার্নান্দেজকে রাগে বল ছুড়ে মারতেও দেখা যায়। পিএসজির হয়ে প্রথম গোলটি করেছিলেন ব্র্যাডলি বারকোলা। ম্যালো গুস্তোর গোলে চেলসি সমতা ফেরায়।

এরপর ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ব্যক্তিগত নৈপুণ্যে আবারও পিএসজিকে এগিয়ে নেন। বিরতির পর এনজো ফার্নান্দেজ গোল করে চেলসিকে সমতায় (২-২) ফেরালেও ইয়োর্গেনসেনের ওই একটি ভুল সব লন্ডভন্ড করে দেয়।

ম্যাচ শেষে ৩-২ গোলের স্কোরলাইনও চেলসির জন্য মেনে নেয়া কষ্টকর হতো না। কিন্তু শেষ মুহূর্তের রক্ষণাত্মক দুর্বলতা তাদের বড় মাসুল দিতে বাধ্য করেছে। ৮৬ মিনিটে কাভারাসখেইয়া যখন চতুর্থ গোলটি করেন, তখনও ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশা ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে আশরাফ হাকিমির ক্রস থেকে এই জর্জিয়ান নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করলে চেলসির সব প্রতিরোধ ভেঙে পড়ে। ৫-২ গোলের এই বড় জয় নিয়ে এখন প্যারিস থেকে লন্ডনে ফিরতি লেগের অপেক্ষায় থাকবে পিএসজি।

আরও