প্রথম ওয়ানডে

নিগারদের দাঁড়াতেই দিল না অস্ট্রেলিয়ার মেয়েরা

অ্যালান বোর্ডার ফিল্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে অজিরা দলীয় ৩০ রানের মাথায় জর্জিয়া ভলকে হারালেও এরপর ফোবে লিচফিল্ড, এলিস পেরি (২৬*) ও সাদারল্যান্ডের (২৫*) দৃঢ়তায় ২৬তম ওভারেই জয় নিশ্চিত করে ফেলে।

নারী ক্রিকেটে ওয়ানডের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে খেলা কঠিনতম একটি কাজ। সেই মিশনে নেমে প্রথম ম্যাচে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ব্রিসবেনে আজ শুক্রবার সকালে নিগার সুলতানার দলকে ১৪৬ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে অজি নারীরা।

অ্যালান বোর্ডার ফিল্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রিতু মনি ৬৩ বলে ৪৫, নিগার সুলতানা ৮৬ বলে ২৯, শারমিন সুলতানা ২৬ বলে ২৪, স্বর্ণা আক্তার ৫০ বলে ২১ ও নাহিদা আক্তার ৩২ বলে ১৯ রান করেন। অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রানে ৪টি ও মেগান শুট ১৯ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে অজিরা দলীয় ৩০ রানের মাথায় জর্জিয়া ভলকে হারালেও এরপর ফোবে লিচফিল্ড, এলিস পেরি (২৬*) ও সাদারল্যান্ডের (২৫*) দৃঢ়তায় ২৬তম ওভারেই জয় নিশ্চিত করে ফেলে। লিচফিল্ড ৫৭ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৭ রান করেন। সাদারল্যান্ড ২৫ রান করেন ২৩ বলের মোকাবেলায়। বাংলাদেশের হাবিবা ইসলাম ৬ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে নেন ২টি উইকেট। বাকি উইকেটটি নেন অভিষিক্ত ১৭ বছর বয়সী পেসার রাবেয়া খান। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সাদারল্যান্ড।

এর আগে ওয়ানডেতে পাঁচবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ষষ্ঠবারের দেখাতেও একই ফল।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তারপর এই প্রথম অস্ট্রেলিয়ায় যেকোনো ফরম্যাটে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশের নারীরা।

একই মাঠে রোববার দ্বিতীয় ও বুধবার তৃতীয় ও শেষ ম্যাচ।

আরও