ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে ওমানের বিরুদ্ধে ৯৩ রানের বিশাল জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল পাকিস্তান। দীর্ঘদিন অফ-ফর্মে থাকা মোহাম্মদ হারিসের দুর্দান্ত অর্ধশতকের পর বোলারদের দাপটে সহজেই ম্যাচ জিতে নেয় সালমান আগার দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৬০ রান। মাঝের ওভারগুলোয় টানা উইকেট হারাতে থাকা পাকিস্তানকে ওমানের বিরুদ্ধে লড়াকু পুঁজি এনে দেন মোহাম্মদ হারিস। ৪৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় অর্ধশতক।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে ওমান। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম (২/৭) ও সাইম আইয়ুব (২/৮) এবং পেসার ফাহিম আশরাফ (২/৬) ওমানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। ওমানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন হাম্মাদ মির্জা। ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় ওমানের ইনিংস।

এর আগে, পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওমানের স্পিনার আমির কালিম (৩/৩১) এবং পেসার শাহ ফয়সাল (৩/৩৪) পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপর চাপ ধরে রাখেন। ফয়সাল তার টি-টোয়েন্টি অভিষেকে সাইম আইয়ুব, হাসান নাওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে ফিরিয়ে নজর কাড়েন।

হারিস দ্বিতীয় উইকেটে সাহেবজাদা ফারহানের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ফারহান ২৯ রান করেন। শেষের দিকে ফখর জামান ১৬ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রানকে ১৬০-এ নিয়ে যান।

আগামীকাল রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে গ্রুপ 'এ'-এর হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।

আরও