পোর্ট এলিজাবেথে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম দিনের খেলা শুরু হবে।
ডারবানে প্রথম টেস্টে প্রায় পুরো চারদিন দুর্দান্ত লড়াই করার পরও ২২০ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ব্যবধান গড়ে দেয় স্পিন। সেই দুঃখ ভুলে আবার নতুন শুরুর প্রত্যয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেন্ট জর্জেস পার্কে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন পেটের পীড়া থেকে সুস্থ হয়ে ওঠা তামিম ইকবাল।
এই টেস্ট বাংলাদেশের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ থাকছেন দলে। খেলবেন সাত ব্যাটসম্যান। তৃতীয় পেসার খেলানো হবে; নাকি দ্বিতীয় স্পেশালিস্ট হিসেবে স্পিনার তাইজুল ইসলাম ফিরবেন, তাকিয়ে থাকতে হবে তার দিকে। কারণ, পরিবর্তনটা এখানেই।
এদিকে, বাংলাদেশের সম্ভাব্য একাদশে তাসকিনের জায়গায় আবু জায়েদ রাহি কিংবা শহিদুল ইসলামকে খেলাবে বলে মনে করছে ক্রিকইনফো। প্রোটিয়া একাদশেও আসতে পারে একটি পরিবর্তন। দুয়ানে অলিভিয়ারের জায়গায় ফিরতে যাচ্ছেন আরেক পেসার লুথো সিপামলা।