ঢাকায় ছেলেদের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলো আজ বৃহস্পতিবার। পল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম দিনই মাঠে নামে সাফের সবচেয়ে সফল দল ভারত। বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে যোগ করা সময়ে দুই গোল করে জমিয়ে তোলে পাকিস্তান। তবু তারা হার এড়াতে পারেনি। ৩-২ গোলের জয় তুলে নিয়ে শুভসূচনা করল সাফের পরাশক্তি ভারত।
৩২ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড নিয়ে নেয় ভারত। ম্যাচের ১৩ ও ১৯ মিনিটে দুই গোল করে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করেন সুহাইল আহমাদ ভাট। মাংলেংথান কিপজেন ৩২ মিনিটে ব্যবধান ৩-০ করেন। এভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ ও পরের ৪৫ মিনিট। এরপর যোগ করা সময়ে দুই গোল করে ভারতকে কাঁপিয়ে দেয় পাকিস্তান। যদিও ভারতকে তারা জয়বঞ্চিত করতে পারেনি।
৯১ মিনিটে নাজিব উল্লাহ খান ও ৯৪ মিনিটে আলমগীর আলী খান গাজী গোল করেন পাকিস্তানের হয়ে।
২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেই জয়ে উজ্জীবিত হয়ে তারা আজ প্রাণপণ লড়াই করে ম্যাচ জমিয়ে দিয়েছিল, যদিও জেতা হয়নি।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। নেপাল এবার অনুপস্থিত। প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলংকা এবং ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। আজ রাত ৮টায় বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।