ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন শেষই হতে চাইছে না। কারাবাও কাপে চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রুবেন আমোরিমের দল। ম্যাচ শেষে বিধ্বস্ত আমোরিম প্রকাশ্যে খেলোয়াড়দের মানসিকতা ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন, ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে।
প্রথমার্ধে ভঙ্গুর ডিফেন্সে চার্লস ভার্নাম ও টিরেল ওয়ারেনের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। শেষ দিকে ব্রায়ান এমবিউমো ও হ্যারি ম্যাগুয়ার গোল করে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে গেলেও শেষ হাসি হাসে গ্রিমসবি। অবশেষে ১২-১১ ব্যবধানে টাইব্রেকারে হেরে প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চতুর্থ স্তরের দলের কাছে হারল ইউনাইটেড।
আমোরিম স্পষ্ট করে জানিয়েছেন, এই পরাজয় সবকিছুকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, ‘এটা সীমার শেষ প্রান্ত। কিছু একটা বদলাতেই হবে। সবকিছুই ভুল ছিল। আমরা যেভাবে খেলা শুরু করেছি, আমরা তো মাঠে ছিলামই না। আমাদের ভক্তদের কাছে আমি দুঃখিত।‘
গত মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড খারাপ পারফরম্যান্সে ১৫তম স্থানে থাকা ম্যানইউ এই মৌসুমেও উন্নতির কোনো লক্ষণ দেখাতে পারছে না বলে স্বীকার করেছেন কোচ। তিনি বলেন, ‘এটা শুধু ফল নয়, আসল সমস্যা হলো একই ভুল বারবার দেখা যাচ্ছে। এক গ্রীষ্মে সব বদলানো যায় না। তবে অন্তত এই রকম পারফরম্যান্স করা যাবে না।‘
ম্যানইউর সমর্থকদের জন্য এ হারে আবারো স্পষ্ট হলো—দলের ভাঙন আরো গভীর হচ্ছে। কাগজে-কলমে তারা শক্তিশালী দল হলেও মাঠে তা প্রতিফলিত হচ্ছে না। সামনে আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগে ম্যাচ রয়েছে, তবে সমর্থকদের আস্থা ফেরাতে সেগুলো যথেষ্ট হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।