নিউজিল্যান্ডের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নেয় ভারত। পরের দুই ম্যাচ হারলেও ৩-২-এ সিরিজের ট্রফি নিজেদের করে নেয় সফরকারীরা। এবার ওয়ানডে সিরিজেও প্রথম দুই ম্যাচেই জয় পেল শুবমান গিলের দল। গতকাল ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডিএলএস মেথডে ৪ রানের জয় তুলে নেয় ভারত।
বৃষ্টির কারণে ম্যাচটি নামিয়ে আনা হয় ৪৭ ওভারে। বৈরী কন্ডিশনে কিউইরা ৪১ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। ১০৪ বলে ৫৫ রান করেন ড্যারিল মিচেল। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ৩৮ বলে ৩১ রান। ভারতের পেস বোলার গুরনুর ব্রার ৩০ রানে ৪টি উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আকিব নবি, অংশুল কাম্বোজ ও অক্ষর প্যাটেল।
ছোট পুঁজি নিয়েও কিউইরা ছেড়ে কথা বলেনি। ১৩৫ রান তাড়া করতে নেমে ভারত ২৬ ওভারে ১১১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে। এরপর বৃষ্টি শুরু হলে সংশোধিত টার্গেট দেয়া হয় ৩৭ ওভারে ১৩৩ রান। ডিএলএস মেথডে তখন মাত্র ৪ রানে এগিয়ে ছিল ভারত। এটিই বলে দেয়, ম্যাচে কতটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল। এরপর খেলা শুরু করা সম্ভব না হলে ডিএলএস মেথডে ৪ রানের জয় পায় গিলের দল।
শ্রেয়াস আইয়ার ৪৬ বলে ৩০, লোকেশ রাহুল ৩৮ বলে ২৬ ও রোহিত শর্মা ২৮ বলে ২৩ রান করেন। নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও জ্যাকব ডাফি দুটি করে উইকেট নেন।
মঙ্গলবার হ্যামিল্টনে তৃতীয়, শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ও আগামী রোববার একই মাঠে পঞ্চম ও শেষ ম্যাচ। নিউজিল্যান্ডকে সিরিজ জিততে হলে পরের সবগুলো ম্যাচেই হারাতে হবে ভারতকে।